যুক্তরাষ্ট্রকে ‘ধ্বংসাত্মক’ জবাব দেয়ার হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রকে ‘ধ্বংসাত্মক’ জবাব দেয়ার হুঁশিয়ারি ইরানের

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের নতুন যেকোনো হুমকির জবাব “ধ্বংসাত্মক” হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। শুক্রবার (২১ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদোল্লাহি বলেন, ইসলামি প্রজাতন্ত্রের প্রতিক্রিয়া হবে ব্যাপক ও চূড়ান্ত।
ইরানি গণমাধ্যমকে দেয়া বক্তব্যে আবদোল্লাহি বলেন, স্থল, সমুদ্র, আকাশ, আকাশ প্রতিরক্ষা ও সাইবার ক্ষেত্রে পূর্ণ প্রস্তুতি নিয়ে ইরানের সশস্ত্র বাহিনী শত্রুর নতুন হুমকির জবাব দেবে- যা হবে চূর্ণকারী, শাস্তিমূলক ও ধ্বংসাত্মক।
এ ছাড়া ইরানের প্রভাবশালী পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফও বলেন, ওয়াশিংটন সম্ভবত বুঝতে পেরেছে যে সরাসরি সামরিক সংঘাতে ইরানকে পরাজিত করা সম্ভব নয়।

যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতাকারীদের মাধ্যমে চলা আলোচনায় ইরানের প্রধান আলোচকও তিনি। ইরাক সফরের সময় গালিবাফ বলেন, অন্যায় নিষেধাজ্ঞা মোকাবিলায় আমাদের পরিকল্পনা করতে হবে, যাতে আমরা তা অতিক্রম করতে পারি।
এর আগে ওয়াশিংটন ইরানের নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে ইতিহাসের সবচেয়ে কঠোর আর্থিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়। এরপরেই শুক্রবার তেহরানের পক্ষ থেকে এ সতর্কবার্তা দেয়া হলো।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যেসব দেশ ইরানকে যেকোনো ধরনের সহায়তা দেবে, তাদের অর্থনৈতিক পরিণতির মুখে পড়তে হবে। পরবর্তীতে মার্কিন অর্থমন্ত্রী বেসেন্ট জানিয়েছেন, সোমবার এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।