অবসর ভেঙে মাঠের ফুটবলে ফিরলেন রোনালদিনহো

অবসর ভেঙে মাঠের ফুটবলে ফিরলেন রোনালদিনহো

ফন্ট সাইজ:

ফুটবল বিশ্বের সর্বকালের অন্যতম সেরা জাদুকর রোনালদিনহোকে নিয়ে গুঞ্জনটি যখন সত্যি বলে প্রকাশ পায়, তখন অনেকেই একে নিছক রসিকতা ভেবেছিলেন। ২০১৫ সালে ফ্লুমিনেন্সের হয়ে পেশাদার ক্যারিয়ার শেষ করা এই ব্রাজিলিয়ান কিংবদন্তি প্রায় এক যুগ পর, ৪৬ বছর বয়সে ইতালির তৃতীয় সারির দল সিরি সি-র ক্লাব রাভেনায় যোগ দিয়ে বিশ্ব ফুটবলকে তাক লাগিয়ে দিয়েছেন।

ফোর্লি বিমানবন্দরে প্রাইভেট জেট থেকে যখন রোনলাদিনহো পা রাখেন, তখন তার পরনে ছিল ফ্লোরাল শার্ট, বারমুডা শর্টস এবং চেনা সেই ফ্ল্যাট ক্যাপ। মিলান ও বার্সেলোনার সাবেক এই ১০ নম্বর জার্সির তারকার আগমন উপলক্ষে ইতালির রাভেনা শহরজুড়ে এখন বইছে আনন্দের জোয়ার।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে রোনালদিনহো বলেন, ‘বন্ধুত্ব এবং ভালোবাসাই আমাকে এখানে ফিরিয়ে এনেছে।’ তিনি আরও বলেন, ‘দলকে সাহায্য করতে, সতীর্থদের উদ্দীপ্ত করতে এবং একটি দুর্দান্ত মৌসুম উপহার দিতে এসেছি। যদি একটি গোল করতে পারি, তবে রাভেনার এই অভিজ্ঞতা আরও সুন্দর হবে। তবে আমি মাঠে নামব কি না, তা ক্লাব সভাপতি ও কোচই সিদ্ধান্ত নেবেন।’

ক্লাব সভাপতি ইগনাজিও সিপ্রিয়ানি স্পষ্ট করে জানিয়েছেন, এটি কেবল কোনো কৌশলগত বিপণন বা মার্কেটিং স্টান্ট নয়। বরং ক্লাবের সঙ্গে রোনালদিনহোর অংশীদারিত্ব রাভেনা এফসি-কে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে আশাবাদী তিনি। এসি মিলান ও বার্সেলোনার সাবেক পরিচালক আরিয়েদো ব্রাইদা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘রাভেনায় আমরা এখন ফুটবলের জাদুকরী ছোঁয়া দেখতে পাচ্ছি, এর চেয়ে বেশি আর কী পাওয়ার থাকতে পারে?’

মারিনা দি রাভেনার সমুদ্র সৈকতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবটির পুরো স্কোয়াডের সঙ্গে সমর্থকদের পরিচয় করিয়ে দেয়া হয়। এই আয়োজনের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন অবশ্যই রোনালদিনহো নিজেই। একসময়ের সন্দেহপ্রবণ সমর্থকরা এখন প্রিয় তারকাকে কাছে পেয়ে বড় স্বপ্ন দেখা শুরু করেছেন।

রোনালদিনহো তার ক্যারিয়ারের সবশেষ পেশাদার ম্যাচটি খেলেন ২০১৫’র সেপ্টেম্বরে, স্বদেশি ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে। ২০১৮’র জানুয়ারিতে বুটজোড়া তুলে রাখার আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি। মাঝের সময়টায় আলো কাড়েন বিভিন্ন প্রদর্শনী ম্যাচ ও ফুটসালে। ব্রাজিলিয়ান গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ৭৮৭ ম্যাচে ২৯৯ গোলের মাকিক রোনালদিনহো। নতুন ঠিকানায় তাই তার ৩০০তম গোল দেখতে অনুমিতভাবেই মুখিয়ে থাকবে সমর্থকরা।