নিউ ইয়র্ক স্টেট ক্যাপিটলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে নারী গ্রেপ্তার

নিউ ইয়র্ক স্টেট ক্যাপিটলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে নারী গ্রেপ্তার

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেট ক্যাপিটল ভবনে আইনপ্রণেতাদের হত্যা ও বড় ধরনের নাশকতার পরিকল্পনার অভিযোগে জেসিকা বোভি (৩৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইসিসের প্রতি আনুগত্য প্রকাশ এবং গোষ্ঠীটিকে বস্তুগত সহায়তা দেয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ খবর দিয়েছে আল জাজিরা।

আদালতে জমা দেয়া অভিযোগপত্র অনুযায়ী, আলবানির বাসিন্দা জেসিকা সামাজিক যোগাযোগমাধ্যমে উগ্রপন্থী মতবাদ প্রচার করতেন। গত জুলাই মাসে এফবিআইয়ের এক গোপন তথ্যদাতার সাথে এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে তার যোগাযোগ তৈরি হয়। সেখানে জেসিকা স্টেট ক্যাপিটল ভবন ধ্বংস এবং সিনেটরদের হত্যার জন্য বোমা তৈরির উপকরণ সংগ্রহের আগ্রহ প্রকাশ করেন। পরে ছদ্মবেশী তথ্যদাতার কাছ থেকে অর্থ নিয়ে একটি হার্ডওয়্যার দোকান থেকে বোমা তৈরির সরঞ্জাম এবং আগ্নেয়াস্ত্র কেনেন তিনি। এছাড়া হামলার আগে ক্যাপিটল এলাকায় রেকি করার তথ্যও প্রমাণসহ পায় তদন্তকারীরা।

এফবিআই জানিয়েছে, জেসিকার পরিকল্পনা ছিল ভবনের ব্যাপক ক্ষতিসাধন করে সিরিয়ায় পালিয়ে যাওয়া। তবে কোনো ধরনের হামলার আগেই বুধবার তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেসিকা স্বীকার করেন, তিনি জানতেন এই অপরাধের জন্য সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তবে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসবিরোধী এমন ছদ্মবেশী বা ফাঁদ পাতার অভিযানে প্রলুব্ধ করে কাউকে অপরাধে জড়ানোর বিষয়ে মানবাধিকার সংগঠনগুলোর দীর্ঘদিনের সমালোচনা রয়েছে। দোষী সাব্যস্ত হলে জেসিকাকে দীর্ঘমেয়াদে কারাগারে কাটাতে হতে পারে।