আয়ারল্যান্ডে ৪৪০ একরের ‘স্ট্রানক্যালি ক্যাসেল’ কিনে নিয়েছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যান। এটি ওয়াটারফোর্ড কাউন্টিতে অবস্থিত গোথিক স্থাপত্যরীতির এক দুর্গময় প্রসাদ। আয়ারল্যান্ড সফরকালে বসবাসের উদ্দেশ্যে তারা এই বিলাসবহুল প্রাসাদটি কিনেছেন। এ খবর দিয়েছে গার্ডিয়ান ও দ্য আইরিশ টাইমস।
মেটার একজন মুখপাত্র জানিয়েছেন, ঐতিহাসিক এই বাড়িটির ঐতিহ্য বজায় রাখা এবং আয়ারল্যান্ডে সময় কাটানোর বিষয়ে জাকারবার্গ ও তার পরিবার দারুণ উচ্ছ্বসিত। উল্লেখ্য, আয়ারল্যান্ডে মেটার আন্তর্জাতিক সদর দপ্তর অবস্থিত। ব্যক্তিগতভাবে সম্পন্ন হওয়া এই চুক্তির সঠিক মূল্য প্রকাশ না করা হলেও আইরিশ টাইমসের তথ্য অনুযায়ী এর আনুমানিক মূল্য দুই থেকে তিন কোটি ইউরো।
১৮৩০ সালে তৎকালীন কনজারভেটিভ এমপি জন কিলির জন্য এই দৃষ্টিনন্দন প্রাসাদটি নির্মাণ করেছিলেন প্রখ্যাত স্থপতি জেমস এবং জর্জ রিচার্ড পেইন। বিশাল আয়তনের এই প্রাসাদের ডাইনিং রুম থেকে রান্নাঘরে পৌঁছাতেই চার মিনিটের বেশি সময় হেঁটে যেতে হয়। ২০০০-এর দশকের শুরুতে লন্ডনভিত্তিক ইনভেস্টমেন্ট ফার্ম আরএবি ক্যাপিটালের সহ-প্রতিষ্ঠাতা মাইকেল অ্যালেন-বাকলি প্রাসাদটি কিনে সংস্কার করেছিলেন। দীর্ঘ ২৫ বছর পর তারা জাকারবার্গ পরিবারের কাছে এর মালিকানা হস্তান্তর করলেন। পর্যটন ও স্থাপত্য ঐতিহ্যের জন্য বিখ্যাত আয়ারল্যান্ডের ব্ল্যাকওয়াটার ভ্যালিতে জাকারবার্গের এই নতুন বাড়িটি প্রযুক্তি বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় নতুন চমক তৈরি করেছে।
