সংবিধানের বহুল আলোচিত ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার এবং সংশোধিত এই বিধান অনুযায়ীই ভবিষ্যতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ প্রায় ৩৫ বছর পর দেশে সাংবিধানিকভাবে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বিরোধী দলের প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন। গণতান্ত্রিক ব্যবস্থার জন্য এ ধরনের প্রতিদ্বন্দ্বিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকা উচিত এবং এ ধরনের নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চার বাস্তব প্রতিফলন দেখতে পাবে।
সংবিধান সংশোধন প্রসঙ্গে মন্ত্রী জানান, এ বিষয়ে গঠিত কমিটিতে এখনো বিরোধী দল অংশ নেয়নি। তবে সরকার সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনার বিষয়টি প্রক্রিয়ার মধ্যেই রেখেছে এবং ভবিষ্যতে তা বাস্তবায়ন করা হবে। আর পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন এই সংশোধিত ৭০ অনুচ্ছেদের বিধান অনুযায়ীই অনুষ্ঠিত হবে।
বর্তমান সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য দলীয় সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিলে তার সংসদীয় আসন শূন্য হয়ে যায়। এই বিধানকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্ক চলে আসছে এবং প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে সামপ্রতিক সময়ে এ অনুচ্ছেদ নিয়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।
