চাঁদপুর শহরের বিষ্ণুদী রোডের একটি গোডাউন থেকে প্রায় ১ কোটি ২৩ লাখ ৪৮ হাজার ৯৮৪ টাকার সিগারেট ও ১১ লাখ ২০ হাজার ৫৫৮ টাকা নগদ অর্থ চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার তাকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই নাদির শাহ জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে এবং ৬৪ ধারার জবানবন্দিতে আসামি প্রাথমিকভাবে তার দোষ স্বীকার করেছে। তবে মামলার বাদীর অভিযোগ, তদন্ত কর্মকর্তা আসামিকে সহায়তা করছেন। যদিও এসআই নাদির শাহ এ অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, চাঁদপুর সদর থানাধীন বিষ্ণুদী রোডের মেসার্স আ. লতিফ চৌধুরী অ্যান্ড সন্স নামের বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির পরিবেশক প্রতিষ্ঠানের গোডাউনে স্টক করা বিপুল পরিমাণ সিগারেট ও নগদ টাকা ছিল। প্রতিষ্ঠানের গোডাউন কিপার হিসেবে কর্মরত জাহিদুল ইসলাম নিয়মিত দায়িত্ব পালন করতেন। এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ঠা আগস্ট সকালে জাহিদুল ইসলাম অফিসে এলেও দুপুরের দিকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে গোডাউনের মালামাল ও নগদ অর্থের হিসাব করা হলে বিপুল পরিমাণ সিগারেট ও টাকা নিখোঁজ থাকার বিষয়টি ধরা পড়ে।
হিসাব অনুযায়ী, ১ কোটি ২৩ লাখ ৪৮ হাজার ৯৮৪ টাকার সিগারেট এবং ১১ লাখ ২০ হাজার ৫৫৮ টাকা নগদ পাওয়া যায়নি। এ ঘটনায় জাহিদুল ইসলামকে প্রধান আসামি করে তার বাবা জাহাঙ্গীর দেওয়ানসহ অজ্ঞাতনামা সহযোগীদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করা হয়।
