ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোলাহাট-রহনপুর সড়কের ইসলামপুর (নিমগাছী) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জালাল উদ্দিন (৬০) উপজেলার গোহালবাড়ী পূর্বপাড়া গ্রামের মৃত রাকিবের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রহনপুরগামী সাথী এন্টারপ্রাইজের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে যায় এবং চালক জালাল উদ্দিন গুরুতর আহত হন।
খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত জালাল উদ্দিনকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
