পীরগঞ্জে ডাক্তারের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

ফন্ট সাইজ:

পীরগঞ্জ নগর মাতৃসদন কেন্দ্রে ডাক্তার ও নার্সদের অবহেলায় প্রসূতিসহ নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে পৌরসভার প্রজাপাড়ার রিকশাচালক মতিয়ার রহমানের মেয়ে শ্রাবণী (১৯)কে তার মা সীমা বেগম প্রসব বেদনা নিয়ে নগর মাতৃসদনে ভর্তি করেন।

প্রতিবেশীরা জানান, মাতৃসদনটি বাড়ির কাছে হওয়ায় শ্রাবণীকে পরীক্ষা- নিরীক্ষার জন্য নগর মাতৃসদনে নিয়ে যান। সেখানে প্রেসার চেক আপের পর সিজারের জন্য ১০ হাজার ৫ শ’ টাকা ফি নগদ পরিশোধ করার পর শ্রাবণীকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। সেখানে তাকে প্রায় দুই ঘণ্টা কালক্ষেপণ করানো হয়। শ্রাবণীর অবস্থার অবনতি ঘটলে পছন্দের এম্বুলেন্স ডেকে এনে শ্রাবণীর মুখ কাপড় দিয়ে ঢেকে দিয়ে নিজেরাই ওই এম্বুলেন্সে তুলে দেয় রংপুর মেডিকেলে ভর্তির জন্য। এর আগে শ্রাবণীর বাবা মতিয়ারকে ওষুধ কেনার জন্য দোকানে পাঠানো হয়। মতিয়ার ফিরে এসে দেখতে পায় মেয়েকে এম্বুলেন্সে উঠানো হয়েছে।
শ্রাবণীর বাবা মতিয়ার রহমান জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকেরা আমার মেয়েকে মৃত ঘোষণা করেন। উল্লেখ্য, এর আগেও এখানে চিকিৎসা নিতে এসে আরও তিনজন প্রসূতির মৃত্যু হয়েছে।

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা বলেন, চুক্তির মেয়াদ শেষ হওয়ায় আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের কার্যক্রম বন্ধের একাধিকবার মৌখিক নির্দেশ দেয়ার পরও তারা রহস্যজনক কারণে কার্যক্রম পরিচালনা করছে। পীরগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, দীর্ঘদিন ধরে মাতৃসদন কেন্দ্রে পৌরসভার তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান বন্ধ রয়েছে। কর্তব্যরত ডাক্তার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছেন, প্রসূতি একলামশিয়া রোগে আক্রান্ত ছিল। প্রেসার বেশি হওয়ার কারণে খিঁচুনি উঠেছিল। সিভিল সার্জন তদন্ত করলেই প্রকৃত কারণ উদ্ঘাটন হবে।