দৌলতপুরে ৩৩ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

ফন্ট সাইজ:

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ৩৩ লক্ষাধিক টাকার ভারতীয় মাদক ও মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ তথ্য জানিয়েছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধীন জামালপুর বিওপি’র দায়িত্বপূর্ণ জয়পুর মাঠপাড়া এলাকায় বুধবার রাত ১১টায় বিজিবি’র টহল দল অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৯ বোতল মদ, ৯৫০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ১৮০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

একইদিন রাত দেড়টায় জয়পুর বিওপি’র দায়িত্বপূর্ণ মহিষকুন্ডি মাঠপাড়া এলাকায় বিজিবি’র টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৯ বোতল মদ, ১ হাজার ৮০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৮০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে। এ ছাড়াও বুধবার দিবাগত রাত ৩টায় কাজিপুর বিওপি’র দায়িত্বপূর্ণ পশ্চিম ধর্মদাহ মাঠে বিজিবি’র টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৫ বোতল মদ, ২ হাজার ৪০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৪ হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে। অপরদিকে বৃহস্পতিবার ভোরে একই ব্যাটালিয়ন অধীন আশ্রায়ণ বিওপি’র দায়িত্বপূর্ণ পুরাতন ঠোটারপাড়া মাঠে বিজিবি’র টহল দল অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৯০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৬০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৫০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়।

বিজিবি’র পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৩৩ লাখ ৩৫ হাজার ৬৫০ টাক বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধে সর্বদা সতর্ক ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।
সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি প্রতিরোধে বিজিবি’র নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজিবি সূত্র জানিয়েছে।