বাংলাদেশের দাপুটে পারফরমেন্স অবাক করেনি গ্রিনকে

বাংলাদেশের দাপুটে পারফরমেন্স অবাক করেনি গ্রিনকে

ফন্ট সাইজ:

ডারউইনে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশের দাপট নিয়ে বিশ্ব ক্রিকেটে এখনো আলোচনা চলমান। এর মধ্যেই আগামীকাল শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম ম্যাচে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে যাওয়া অস্ট্রেলিয়া দল এখন ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টের প্রস্তুতিতে ব্যস্ত। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিন বলেন, ডারউইনে প্রথম দিনের পরই ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল অজিরা। বাংলাদেশ দল তাদের বিন্দুমাত্র ঘুরে দাঁড়ানোর সুযোগ দেয়নি।

অবশ্য সফরকারীদের এমন পারফর্মেন্স অবাক করেনি অস্ট্রেলিয়ান তারকাকে। ডারউইন টেস্টের কথা মনে করে গ্রিন বলেন, ‘এটি (বাংলাদেশের পারফরমেন্স) আমাদের অবাক করেনি। আমরা জানতাম তারা ভালো দল। আসলে প্রথম দিনের পর ম্যাচে ফেরার কোনো সুযোগই তারা আমাদের দেয়নি। আমরা অনেক কিছু চেষ্টা করেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেগুলো ঠিকমতো কাজে আসেনি।’ প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দিয়ে দুর্দান্ত শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে থামে ৪২৬ রানে। দ্বিতীয় ইনিংসে অজিরা ২৮৪ রান করলে স্রেফ ৫৭ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। ৯ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় নাজমুল হোসেন শান্তর দল। দ্বিতীয় ইনিংসে ব্যক্তিগত অর্জনে সেঞ্চুরি পেলেও দলের হারে ব্যথিত গ্রিন। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার বলেন, ‘আপনি দলের সাফল্যের জন্যই খেলেন, তাই অনুভূতিগুলো পরস্পরবিরোধী হয়। আমরা যদি আরও ৫০ থেকে ৭৫ রান করতে পারতাম, তাহলে সত্যিই ম্যাচে ভালোভাবে থাকতে পারতাম।’

ব্যক্তিগত ফর্ম নিয়ে বলতে গিয়ে গ্রিন জানান, নিজের পুরোনো ছন্দে ফিরতে শেফিল্ড শিল্ডের অভিজ্ঞতা তাকে সাহায্য করেছে। ব্যাটিংয়ে অতিরিক্ত জটিলতা না রেখে সবকিছু সহজ রাখাই তার সাফল্যের চাবিকাঠি। তিন ফরম্যাটের ব্যস্ত ক্রিকেট সামলে নিজের স্বাভাবিক খেলাটা ধরে রাখতে পেরে সন্তুষ্ট গ্রিন। এদিকে ম্যাকাইয়ের কন্ডিশন নিয়ে বেশ আশাবাদী স্বাগতিকরা। গত বছর এখানে ওয়ানডেতে সেঞ্চুরি করার সুখস্মৃতি রয়েছে ২৭ বছর বয়সী গ্রিনের। স্মৃতি হাতড়ে তিনি বলেন, ‘যেখানে ভালো স্মৃতি আছে, এমন কোনো জায়গায় ফিরে আসতে সব সময়ই ভালো লাগে। গতবার এখানে এসে আমরা সত্যিই দারুণ সময় কাটিয়েছিলাম। অবশ্যই এখানকার সুযোগ-সুবিধা বিশ্বমানের, আর এখানে আমরা কয়েকটি ভালো ম্যাচও খেলেছিলাম।’