গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে দীর্ঘমেয়াদি মেলার আয়োজন বন্ধ করে মাঠটি খেলাধুলা ও জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় বিএনপি, এনসিপি, গণঅধিকার পরিষদ নেতৃবৃন্দ জেলা প্রশাসকের প্রতি কঠোর হুঁশিয়ারি দেন। পরে নেতৃবৃন্দ জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার কাছে স্মারকলিপি জমা দেন। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন রাজবাড়ী সড়কে ‘সচেতন নাগরিক ঐক্য’র ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, অতীতে কখনো গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠের পুরোটা দখল করে দীর্ঘ মেয়াদের কোনো মেলার জন্য বরাদ্দ দেয়ার ঘটনা ঘটেনি। এতে মাঠের বড় অংশ শিশু-কিশোরদের খেলাধুলা, শরীরচর্চা, সামাজিক অনুষ্ঠান ও সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত থাকতো। তারা বলেন, রাজবাড়ী মাঠ শুধু একটি খেলার মাঠ নয়, এটি গাজীপুরের ইতিহাস, ঐতিহ্য ও জনজীবনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। গাজীপুরের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি মারা গেলে এই মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। ফলে দীর্ঘ সময় ধরে মাঠের পুরোটা মেলার অবকাঠামো দিয়ে দখল করে রাখলে জরুরি ও সামাজিক প্রয়োজনে মাঠ ব্যবহারের সুযোগ সংকুচিত হবে। বক্তারা আরও বলেন, রাজবাড়ী মাঠের পূর্ব-দক্ষিণ কর্নারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বাড়িতে বসবাস করেছিলেন, সেই ঐতিহাসিক স্থাপনার সামনের অংশও অতীতে সবসময় উন্মুক্ত রাখা হয়েছে। মেলা বন্ধ না করা হলে ভেঙে গুঁড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয় এই কর্মসূচি থেকে।
মানববন্ধনে গাজীপুর মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি আহমদ আলী রুশদির সভাপতিত্বে বক্তব্য দেন, এনসিপি’র কেন্দ্রীয় নেতা এডভোকেট আলী নাছের খান, গাজীপুর মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি ড. শহিদুজ্জামান, গাজীপুর ঐতিহ্য ও উন্নয়নের সভাপতি প্রকৌশলী শামসুল হক, পেশাজীবী পরিষদ গাজীপুর জেলার সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, জয়দেবপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি রায়হান আল মাহমুদ রানা, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মো. মাহফুজুর রহমান খান, ছাত্রশক্তির সংগঠক মো. নাবিল, পেশাজীবী নেতা তোফাজ্জল হোসেন, এনসিপি নেতা আলী আকবর ও বাজার ব্যবসায়ী কমিটির মো. বাবুল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে ‘গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন’-এর পক্ষ থেকে তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে ভাওয়াল রাজবাড়ী মাঠে দীর্ঘমেয়াদি মেলা আয়োজন বন্ধ করে মাঠটি খেলাধুলার উপযোগী হিসেবে সংরক্ষণ এবং শিশু-কিশোর, নারী-পুরুষসহ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখার দাবি জানানো হয়। জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আশ্বাস দিয়ে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, গাজীপুরের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, শিক্ষা, খেলাধুলা ও জনস্বার্থের ওপর বিরূপ প্রভাব পড়ে-এমন কোনো সিদ্ধান্ত প্রশাসন নেবে না।
