পটুয়াখালীর ৬ ভূমি কর্মকর্তার বেতন স্থগিত

ফন্ট সাইজ:

সরকারি নথিতে ঊর্ধ্বতন কর্মকর্তার দেয়া বিরূপ মন্তব্য অনুমোদন ছাড়া বদলে দেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় পটুয়াখালীর ছয় ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বিভাগীয় প্রশাসন। শাস্তি হিসেবে ২০২৮ সালের জুন মাস পর্যন্ত তাদের বার্ষিক বেতন বৃদ্ধি বন্ধ রাখা হয়েছে। ওই সময়ের মধ্যে পদোন্নতির জন্যও তাদের বিবেচনা করা হবে না।

শাস্তিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- গলাচিপার আমখোলা ইউনিয়ন ভূমি অফিসের তানিয়া আক্তার মুক্তা, পটুয়াখালী সদরের ভূরিয়া ইউনিয়ন ভূমি অফিসের মংলাতেন, বাউফলের ধূলিয়া ইউনিয়ন ভূমি অফিসের মো. আল কাইউম, গলাচিপা ইউনিয়ন ভূমি অফিসের আ.ন.ম. মুরাদুল ইসলাম, রাঙ্গাবালীর চালিতাবুনিয়া ইউনিয়ন ভূমি অফিসের মো. আবু জাফর এবং দশমিনার রণগোপালদী ইউনিয়ন ভূমি অফিসের মো. তারিকুল ইসলাম। বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, বিভিন্ন বছরের বার্ষিক গোপনীয় অনুবেদন বা এসিআরে প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তার দেয়া বিরূপ মন্তব্য অনুমোদন ছাড়াই পরিবর্তন বা পরিমার্জন করেছিলেন ওই ছয় কর্মকর্তা। বিষয়টি নিয়ে বিভাগীয় মামলা হলে সংশ্লিষ্ট তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা মেলে। এরপর সেই অভিযোগের জবাব দেয়ার সুযোগ পেয়ে লিখিত বক্তব্য পেশ করেছিলেন অভিযুক্তরা। পরে তদন্ত প্রতিবেদন এবং সংশ্লিষ্ট নথি খতিয়ে দেখে অভিযোগ প্রমাণিত বলে সিদ্ধান্ত নেয় বিভাগীয় কর্তৃপক্ষ। এর পরেই শাস্তির আদেশ দেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।