সিলেটে দুই আবাসিক হোটেল সিলগালা

ফন্ট সাইজ:

অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে সিলেটের দু’টি আবাসিক হোটেল সিলগালা করে দিয়েছে পুলিশ। বুধবার রাতে গোয়েন্দা পুলিশের অভিযানে এসব হোটেল সিলগালা করা হয়। হোটেল দু’টি হলো- রাজার গলি দরগা গেইট এলাকার হোটেল নির্জন ও দক্ষিণ সুরমা কদমতলী এলাকার হোটেল তিতাস। অভিযানে হোটেল দু’টি থেকে ৩ নারীসহ ১০ জনকে আটক করা হয়।

এসএমপি’র মিডিয়া শাখা সূত্রে জানানো হয়, বুধবার সন্ধ্যায় রাজার গলি দরগা গেইটে ‘হোটেল নির্জন’ আবাসিক হোটেলের ষষ্ঠ তলার ৬১৪ নং কক্ষ থেকে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়। এরপর দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী এলাকায় তিতাস হোটেলে অভিযান পরিচালনা করে আরও ছয়জনকে আটক করা হয়। পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অনৈতিক কার্যক্রম পরিচালনার দায়ে হোটেল নির্জন ও হোটেল তিতাস সিলগালা করা হয়েছে। এর আগে গত ২৩শে জুন অভিযানে আরও দু’টি হোটেলকে সিলগালা করে পুলিশ। সিলগালা করা হোটেল দু’টি হলো- নগরের তালতলা এলাকার রহমানিয়া বোর্ডিং ও ছাদী গেস্ট হাউজ।