যশোরে আল-আমিন (২৮) নামে এক যুবককে দিনদুপুরে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার বিকাল চারটার দিকে শহরের বারান্দিপাড়া লিচুতলা বাবুর সেগুনবাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আল-আমিন যশোর শহরের বারান্দিপাড়ার বউবাজার এলাকার মৃত আক্কাস আলীর ছেলে। সে পেশায় একজন মোটর শ্রমিক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল ৪টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আল-আমিনকে লিচুতলা বাবুর সেগুনবাগান এলাকায় ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়।
পরে স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও প্রাথমিক তদন্ত শুরু করে। নিহতের খালাতো ভাই হাসান মরদেহটি আল-আমিনের বলে শনাক্ত করেন। এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মাসুম খান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সদর পুলিশ ফাঁড়ি সদস্যসহ পুলিশের একাধিক টিম ও ডিবি পুলিশ ঘটনাস্থলে যান। কী কারণে এবং কারা আল-আমিনকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে।
