হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যান থেকে আবারো অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বিজিবি। গতকাল গভীর রাতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল তানজিলের নেতৃত্বে ৬টি পিস্তল, ৭টি ম্যাগজিন ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় ছিল। জানা যায়, ২০১৪ সাল থেকে বিভিন্ন সময় অন্তত আরও আট দফায় বিভিন্ন বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারী অস্ত্র, রকেট শেল, মেশিনগান ও হাজার হাজার রাউন্ড গোলাবারুদ উদ্ধার করে। ২০১৪ সালের ১লা জুন থেকে ১৭ই সেপ্টেম্বর পর্যন্ত র্যাব তিন দফায় অভিযান চালিয়ে ৩৩৪টি কামান বিধ্বংসী রকেট, ২৯৬টি রকেট চার্জার, ১টি রকেট লঞ্চার, ১৬টি মেশিনগান, ৬টি এসএলআর ও প্রায় ১৬ হাজার রাউন্ড গুলিসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে।
একই বছরের ১৬ ও ১৭ই অক্টোবর মাটি খুঁড়ে আরও ৩টি মেশিনগান, ৪টি অতিরিক্ত ব্যারেল এবং ৯ হাজার ৪৫৪ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়। এ ছাড়া, ২০১৮ সালের ২রা ফেব্রুয়ারি ১০টি উচ্চ ক্ষমতাসম্পন্ন ৪০ এমএম অ্যান্টি-ট্যাংক রকেট উদ্ধার করা হয়। ২০১৯ সালের ২৪শে নভেম্বর ১৩টি রকেট লঞ্চারের শেল এবং ২০২১ সালের মার্চে ১৮টি ট্যাংক বিধ্বংসী রকেট শেল উদ্ধার করে বিজিবি। ২০২১ সালের আগস্ট ও ডিসেম্বরে পৃথক অভিযানে ৯টি একনলা বন্দুক, ৩টি পিস্তল, ১৫টি রকেট প্রপেলড গ্রেনেড (আরপিজি) এবং মেশিনগানের গুলি উদ্ধার করা হয়। সর্বশেষ গতকাল সাতছড়ি বনে বিজিবি’র পৃথক অভিযানে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
