নিপীড়নের প্রতিবাদে পাবনায় চিকিৎসকদের মানববন্ধন

নিপীড়নের প্রতিবাদে পাবনায় চিকিৎসকদের মানববন্ধন

ফন্ট সাইজ:

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আসাদুর রহমানের ওপর হামলার প্রতিবাদ এবং চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পাবনা জেনারেল হাসপাতাল চত্বরে পাবনা জেনারেল হাসপাতাল ও পাবনা মেডিকেল কলেজের চিকিৎসকদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন- পাবনার সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল ইসলাম ও ড্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান। বক্তারা বলেন, চিকিৎসাসেবা নিয়ে কোনো অভিযোগ থাকলে আইনগতভাবে সমাধানের সুযোগ রয়েছে। কিন্তু চিকিৎসকের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নিরাপদ পরিবেশ নিশ্চিত না হলে চিকিৎসাসেবা ব্যাহত হবে।

এ সময় অধ্যাপক ডা. আসাদুর রহমানের ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি দেশের সব হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান তারা।