কুমিল্লার লাকসামের নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মো. মুসলিম সরদারকে একাডেমিক ও প্রশাসনিক সব দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। ছাত্রীদের সঙ্গে ব্যক্তিগত কথোপকথনে আপত্তিকর ও যৌনতা বিষয়ক আলোচনা করার অভিযোগ ওঠার পর কলেজ প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আসফাক হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়। অফিস আদেশে বলা হয়েছে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. মুসলিম সরদারকে বিভাগের সব একাডেমিক কার্যক্রম ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কলেজ প্রশাসন।
একইসঙ্গে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার কথাও উল্লেখ করা হয়েছে। সমপ্রতি ছাত্রীদের সঙ্গে ওই শিক্ষকের ব্যক্তিগত কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই কথোপকথনে আপত্তিকর ও যৌনতা বিষয়ক আলোচনা রয়েছে বলে অভিযোগ ওঠে। অডিওটি ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে কলেজ প্রশাসন বৈঠক করে। অভিযোগের গুরুত্ব বিবেচনায় নিয়ে মো. মুসলিম সরদারকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আসফাক হোসেন বলেন, আপত্তিকর ও যৌনতা বিষয়ক আলোচনার অভিযোগ ওঠার পর অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছি। অভিযোগের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
