ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলনেতাকে গুলি ও কুপিয়ে জখম

ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলনেতাকে গুলি ও কুপিয়ে জখম

ফন্ট সাইজ:

পাবনার ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি ও কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার জয়নগর কিন্ডারগার্টেনের সামনের সড়কে এ ঘটনা ঘটে। পরে আহত শরিফুলকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শরিফুল প্রাইভেটকার চালিয়ে জয়নগরে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় গাড়িটি জয়নগর কিন্ডারগার্টেনের সামনে পৌঁছালে কয়েকজন অস্ত্রধারী তার গতিপথ রোধ করে গুলি চালায়। এতে গাড়িটি থেমে গেলে তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। হামলায় তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্নস্থানে মারাত্মক ক্ষত সৃষ্টি হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। ঈশ্বরদী উপজেলা জিয়া সাংস্কৃতিক সংসদের (জাসাস) সাধারণ সম্পাদক এনামুল হক জানান, তার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে এম্বুলেন্সে রাজশাহী নেয়া হয়েছে। ঈশ্বরদী থানার ওসি মো. আসাদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।