আশুলিয়ায় ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফন্ট সাইজ:

সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাইদুল ইসলাম। এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলোÑ টাঙ্গাইল জেলার গোপালপুর থানার শিমলাপাড়া গ্রামের মো. আলতাব হোসেন (৩৮), ফরিদপুর জেলার বোয়ালমারী থানার দক্ষিণ কামার গ্রামের নয়ন মিয়া (৪০) এবং রাজশাহী জেলার বাঘা থানার ফতেপুর গ্রামের শুকচাঁন আলী (৩৭)।

তারা আশুলিয়ার বিভিন্ন এলাকায় বসবাস করতেন। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গোয়েন্দা পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আলতাব হোসেনের বিরুদ্ধে এর আগেও একটি মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার পর তাদের আদালতে পাঠানো হয়েছে।