নির্বাচন উপলক্ষে বরগুনা জেলার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। এরইমধ্যে বরগুনার দু’টি আসনে ৬ উপজেলায় ৫১টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, বরগুনার দু’টি আসনের ৬টি উপজেলায় মোট ৩১২টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৫১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এরইমধ্যে আমতলী উপজেলার ১৮টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। এ ছাড়াও সদর উপজেলায় ৮টি, পাথরঘাটায় ১০টি এবং তালতলী, বামনা ও বেতাগীতে এই তিন উপজেলায় ৫টি করে কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নজরদারি জোরদার করতে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। বরগুনায় শান্তিপূর্ণ ভোট আয়োজনের প্রস্তুতি সম্পন্ন। আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ্ তাসলিমা আক্তার বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর তালিকা করা হয়েছে। তবে জেলার সব ভোটকেন্দ্রেই শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা জেলার দু’টি সংসদীয় আসনে ভোটগ্রহণ হবে। বরগুনা জেলার দু’টি আসন মিলিয়ে মোট ভোটার সংখ্যা ৮ লাখ ৫৭ হাজার ২০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ২৭ হাজার ৬২ জন ও নারী ভোটার ৪ লাখ ৩০ হাজার ১২৬ জন।
বরগুনায় ৩১২টির মধ্যে ৫১টি ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ
বরগুনা প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
