পিকআপ-টমটম সংঘর্ষে ব্যবসায়ী নিহত

ফন্ট সাইজ:

হবিগঞ্জের লাখাইয়ে মাছবাহী পিকআপ ও যাত্রীবাহী টমটমের মুখোমুখি সংঘর্ষে মো. বাচ্চু মিয়া (৪০) নামে এক মৎস্য ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় টমটমের আরও চার যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক সড়কের লাখাই থানাধীন তিসকারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের আবু তালেবের ছেলে এবং পেশায় মৎস্য ব্যবসায়ী ছিলেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নাসিরনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাছবাহী একটি পিকআপের ড্রাইভারের পাশের সিটে বসে তিসকারপুল এলাকা দিয়ে যাচ্ছিলেন বাচ্চু। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী টমটমের সঙ্গে পিকআপটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাচ্চু মারা যায়।

এ ছাড়া, দুর্ঘটনায় টমটমে থাকা আরও চার যাত্রী আহত হন। খবর পেয়ে লাখাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহআলমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। এ বিষয়ে লাখাই থানার পুলিশ জানিয়েছে, মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পলাতক পিকআপ চালককে আটকের চেষ্টা চলছে।