কক্সবাজারের উখিয়ায় গোপন সংবাদে অভিযান চালিয়ে আরসার কমান্ডার মোহাম্মদ আলম ওরফে মুছা (৪০) এবং তার সহযোগী আবদুল হাফেজ (২২) নামে দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে উখিয়ার ক্যাম্প-৬ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ক্যাম্প-৬-এর ব্লক ডি/১ এলাকায় কামাল হোসেনের বাড়িতে অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠনের উদ্দেশ্যে আরসার সদস্যরা গোপনে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে ক্যাম্প-৩ এর অপারেশন ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ মাসুদের রহমানের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় মুছা ও হাফেজকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দু’জন আরসার সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্যমতে, মুছার বিরুদ্ধে উখিয়া থানাসহ বিভিন্ন থানায় হত্যা, অপহরণ, মাদক, অস্ত্র ও অন্যান্য অপরাধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে হত্যা ও হত্যাচেষ্টা, অস্ত্র আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় করা মামলাও রয়েছে। এসব মামলার কয়েকটিতে তার বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়েছে এবং মামলাগুলো বর্তমানে আদালতে বিচারাধীন। পুলিশ আরও জানায়, গ্রেপ্তার মুছা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তিনি আরসার কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি হত্যা, অপহরণ, মাদক ও অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। অপরদিকে আবদুল হাফেজ (২২) ক্যাম্প-৬-এর ব্লক ডি/৪-এর জাকির আহমদের ছেলে। তাকে মুছার সহযোগী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দু’জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উখিয়ায় আরসা সদস্যসহ গ্রেপ্তার ২
স্টাফ রিপোর্টার, উখিয়া থেকে
২১ আগস্ট (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
