বিশ্বম্ভরপুরে ৪ শিক্ষককে শোকজ

ফন্ট সাইজ:

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি দিয়ে কর্মস্থল ত্যাগ করার অভিযোগে চার সহকারী শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয়া হয়েছে। শোকজপ্রাপ্ত শিক্ষকরা হলেন, শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যামলী দাশ, রহমতা আক্তার, রুমী তালুকদার ও অর্চনা দেবী। সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস স্বাক্ষরিত পৃথক চিঠিতে তাদের শোকজ করা হয়েছে। নোটিসে নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ত্যাগ ও কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। জানা যায়, গত বুধবার দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ের আগেই ছুটি দেয়া হয়। এ সময় বিদ্যালয়ের চার সহকারী শিক্ষক কর্মস্থল ত্যাগ করেন বলে অভিযোগ ওঠে।

নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি দিয়ে কর্মস্থল ত্যাগের ঘটনাকে দায়িত্বহীনতা ও উদাসীনতা হিসেবে উল্লেখ করে শোকজ নোটিশে কেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। একইসঙ্গে নোটিশ পাওয়ার পর তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহনলাল দাস বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি দেয়ার অভিযোগে চার সহকারী শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। তাদের কাছ থেকে তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব চাওয়া হয়েছে।