দলের স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করেছে বিএনপি। বৃহস্পতিবার প্রেসিডেন্ট নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ার পরপরই দলীয় প্যাডে সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, এই মর্মে সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, বিএনপি’র গঠনতন্ত্রের ৭। (খ) (৬) ধারা অনুযায়ী বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে বলেও বিবৃতিতে জানানো হয়।
এর আগে গত ১৫ই আগস্ট রুহুল কবির রিজভীসহ ৪ নেতাকে স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনয়ন দেয়া হয়। এর ৫ দিনের মাথায় রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেয়া হলো। ২০১৬ সালে বিএনপি’র ষষ্ঠ জাতীয় কাউন্সিলে রুহুল কবির রিজভীকে সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত করা হয়। ওদিকে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে রুহুল কবির রিজভী মনোনীত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। গতকাল এক বিবৃতিতে সংগঠনটি বলছে, রুহুল কবির রিজভী বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির এক দীর্ঘদিনের পরীক্ষিত, ত্যাগী ও সাহসী নেতা। ছাত্রজীবন থেকেই তিনি গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু’র সাবেক সহ-সভাপতি, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এবং বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তার দীর্ঘ রাজনৈতিক পথচলা সংগ্রাম, নিষ্ঠা, ত্যাগ ও দলের প্রতি অবিচল আনুগত্যের উজ্জ্বল দৃষ্টান্ত। তার নতুন দায়িত্বের সফলতা, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করে সংগঠনটি।
