মার্সিডিজে করে সবজি বিক্রি, বাংলাদেশির গাড়ি জব্দ

মার্সিডিজে করে সবজি বিক্রি, বাংলাদেশির গাড়ি জব্দ

ফন্ট সাইজ:

মালয়েশিয়ার কেদাহ রাজ্যের সড়ক পরিবহন বিভাগ (জেপিজে) লাংকাউইয়ে এক ৩৮ বছর বয়সী বাংলাদেশি সবজি বিক্রেতার ব্যবহৃত একটি মার্সিডিজ-বেঞ্জ গাড়ি জব্দ করেছে। বার্তা সংস্থা বার্নামা উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে অনলাইন পলটান। প্রতিবেদনে বলা হয়েছে, ওই বাংলাদেশি ২০২৫ সালের ২৭শে মে থেকে গাড়িটি ব্যবহার করছিলেন। জেপিজের কর্মকর্তারা জানান, পদাং মাতসিরাতের একটি ভেজা বাজারে তৃতীয় পক্ষের কাছে বিক্রির জন্য সবজি নিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি গাড়িটি নিজের বলে দাবি করেন। তবে গাড়িটির জন্য তিনি প্রকৃতপক্ষে কত টাকা পরিশোধ করেছেন, তা জানাতে পারেননি।

পরে গাড়িটির কাগজপত্র যাচাই করে বেশ কিছু অনিয়মের তথ্য পাওয়া যায়। জেপিজের পরিচালক স্টিয়েন ভ্যান লুটাম বলেন, ওই বাংলাদেশি নাগরিকের বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই। একই সঙ্গে গাড়িটির মোটর ভেহিকেল লাইসেন্স বা রোড ট্যাক্সের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এ ছাড়া গাড়িটির বৈধ বিমা কভারেজও নেই। বিমার মেয়াদ ২৬ জুলাই শেষ হয়ে যাওয়ার পর আর নবায়ন করা হয়নি। স্টিয়েন ভ্যান লুটাম বলেন, বিলাসবহুল গাড়ির মালিকানা কাউকে আইনের ঊর্ধ্বে স্থান দেয় না। রাস্তায় চলাচলকারী প্রত্যেক চালক ও যানবাহনকে নির্ধারিত আইন ও বিধিবিধান মেনে চলতে হবে। জেপিজে জানিয়েছে, গাড়িটি জব্দ করার পর বিষয়টি নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।