দুদকের নতুন কমিশন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে শেষ করলেন প্রথম কর্মদিবস

দুদকের নতুন কমিশন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে শেষ করলেন প্রথম কর্মদিবস

ফন্ট সাইজ:

কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে প্রথম কর্মদিবস শেষ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান এবং দুই কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান ও মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া।

বুধবার সকাল ৯টার দিকে দুদকের প্রধান কার্যালয়ে প্রবেশ করেন নতুন চেয়ারম্যান ও দুই কমিশনার। এরপর সকাল ১০টায় পূর্বনির্ধারিত মতবিনিময় সভায় অংশ নেন তারা। সভায় দুদক সচিব সাইদুর রহমানসহ মহাপরিচালক থেকে উপপরিচালক পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রথম কর্মদিবসে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময়ের পাশাপাশি দুদকের সার্বিক কার্যক্রম সম্পর্কে ধারণা নেন নতুন কমিশনের সদস্যরা। দীর্ঘদিন ধরে চলমান অনুসন্ধান ও তদন্তের অগ্রগতি, মামলার কার্যক্রম এবং কমিশনের সামনে থাকা বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে দুদক সজানা গেছে।

এর আগে গত সোমবার সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে দুদকের চেয়ারম্যান এবং ড. জাহাঙ্গীর আলম খান ও মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে কমিশনার হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৭-এর উপধারা (১) অনুযায়ী তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর পূর্ণাঙ্গ কমিশন ফিরে পাওয়ার পর নতুন চেয়ারম্যান ও দুই কমিশনারের প্রথম কর্মদিবস ঘিরে দুদকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও ছিল বাড়তি আগ্রহ। মতবিনিময়ের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করায় নতুন কমিশনের কাছে দীর্ঘদিনের অনুসন্ধান ও তদন্ত দ্রুত নিষ্পত্তির প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

নতুন কমিশনের সামনে এখন বড় চ্যালেঞ্জ হিসেবে রয়েছে দীর্ঘদিন ধরে জমে থাকা অনুসন্ধান ও তদন্ত দ্রুত শেষ করা, দুর্নীতির অভিযোগের কার্যকর নিষ্পত্তি এবং দুদকের কার্যক্রমে গতি ফিরিয়ে আনা।