জম্মু-কাশ্মীর নিয়ে ভারতের অবস্থানের প্রতি বড় ধরনের সমর্থন জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর। তিনি বলেছেন, কাশ্মীর ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ। বুধবার (১৯ আগস্ট) জম্মু-কাশ্মীর সফরের সময় তিনি এ মন্তব্য করেন।
জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের গর বলেন, কাশ্মীর ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমি প্রথমবারের মতো এই জায়গায় এলাম। এটি অবিশ্বাস্য রকম সুন্দর একটি স্থান।
ওমর আবদুল্লাহ পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি আরও বলেন, আমাদের খুবই উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয়েছে। আমরা আমাদের সম্পর্ক আরও এগিয়ে নেয়ার প্রত্যাশা করছি।
সার্জিও গর একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের দায়িত্বও পালন করছেন। ২০২০ সালের মে মাসে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের সংঘর্ষ এবং গত বছরের ‘অপারেশন সিঁদুর’-এর পর কাশ্মীরে কোনো শীর্ষ মার্কিন কূটনীতিকের এটিই প্রথম সফর।
তার এই সফরকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কূটনৈতিক তৎপরতা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ায় কৌশলগত নানা পরিবর্তন ও উত্তেজনার মধ্যেই গরের কাশ্মীর সফর বিশেষ তাৎপর্য বহন করছে।
এদিন সার্জিও গরের সঙ্গে বৈঠক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, বৈঠকে যুক্তরাষ্ট্র ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি জম্মু-কাশ্মীর নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
তিনি বলেন, আমাদের খুব ভালো বৈঠক হয়েছে। দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি। তবে আলোচনার বিশেষ গুরুত্ব ছিল জম্মু-কাশ্মীর নিয়ে এবং এই অঞ্চলের জন্য যুক্তরাষ্ট্র কী করতে পারে, তা নিয়ে।
