বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সাম্প্রতিক সময়ে ভারতের যন্তর মন্তরের আন্দোলন, শিক্ষার্থী অসন্তোষ কিংবা সোনম ওয়াংচুকের অনশনসহ বিভিন্ন ইস্যুতে সামাজিক মাধ্যমে নিজের মতামত তুলে ধরে আলোচনায় আসেন। তবে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে এসব বিষয়ে অনবরত পোস্ট করার পরই নেটিজেনদের একাংশের তীব্র কটাক্ষের শিকার হতে হয় তাকে। বিষয়টি নিয়ে এবার প্রকাশ্যে সরব হয়েছেন সোনাক্ষীর বাবা, অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের লোকসভা সদস্য শত্রুঘ্ন সিনহা। তার অভিযোগ, সোনাক্ষীর বিরুদ্ধে হওয়া এই অনাকাঙ্ক্ষিত সাইবার আক্রমণ ও অপপ্রচার কোনো স্বাভাবিক ঘটনা নয় বরং এর নেপথ্যে কাজ করছে ক্ষমতাসীন দল ‘বিজেপির আইটি সেল’।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে শত্রুঘ্ন সিনহা দাবি করেন, তার মেয়েকে লক্ষ্য করে সামাজিক মাধ্যমে যে ট্রলিং চালানো হয়, তার সিংহভাগই টাকা দিয়ে করানো হয়। তিনি বলেন, যারা বিজেপির নীতির বিরোধিতা করে বা তাদের বাইরে কথা বলে, তাদের সঙ্গেই নিয়মিত এমনটা ঘটানো হয়। টাকার বিনিময়ে একদল লোককে দিয়ে এই ট্রল করানো হচ্ছে। এমনকি তারা কী মন্তব্য করবে, সেটাও আগে থেকে লিখে দেওয়া হয়। বেচারারা শুধু নির্দেশ অনুযায়ী লেখাগুলো পোস্ট করে।
সোনাক্ষীর সামাজিক ও রাজনৈতিক আন্দোলন নিয়ে নীরবতা বা ভূমিকার প্রশ্ন তোলা প্রসঙ্গে বর্ষীয়ান এই অভিনেতা বলেন, ঝাড়খণ্ডের তরুণদের দাবির প্রতিও কিছুদিন আগে সমর্থন জুগিয়েছিল সোনাক্ষী। তবে মেয়ে ভবিষ্যতে বাবার পথ ধরে রাজনীতিতে পা রাখবেন কি না, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু না বললেও তাকে ‘এক জন যোগ্য ও স্বাধীনচেতা সন্তান’ হিসেবে আখ্যা দেন শত্রুঘ্ন।
