মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, কানাডার বিপুল পরিমাণ পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ তিন দিনের জন্য স্থগিত করা হবে। এর মধ্যে দুই দেশ একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার দিকে এগোচ্ছে।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ, যা বুধবার সকালে কার্যকর হওয়ার কথা ছিল, আমি তিন দিনের জন্য সেটা স্থগিত করেছি। কারণ, চূড়ান্ত নথিপত্র সম্পন্ন হওয়ার শর্তে কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তি হয়েছে! এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
প্রায় ২০০০ কোটি ডলার মূল্যের কানাডীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার মাত্র দুই ঘণ্টারও কম সময় আগে এই ঘোষণা আসে। দুই দেশ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে অচলাবস্থায় ছিল। এর মধ্যে রয়েছে মার্কিন গাড়ির ওপর শুল্ক এবং কানাডার অনেক প্রদেশের আমেরিকান মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা। এ সপ্তাহে ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি দু’বার কথা বলেছেন। জুলাই থেকে দুই দেশের বাণিজ্য আলোচনাকারীরাও তীব্র আলোচনায় ব্যস্ত ছিলেন। এর আগে ট্রাম্প ১৯ আগস্টকে নতুন শুল্ক কার্যকরের সময়সীমা নির্ধারণ করে হুমকি দেন।
নিজের পোস্টে ট্রাম্প আরও বলেন, চূড়ান্ত বাণিজ্য চুক্তি হলে কিস্টোন এক্সএল পাইপলাইন পুনরুজ্জীবিত করার সুযোগ তৈরি হতে পারে। আলবার্টা থেকে যুক্তরাষ্ট্রে তেল পরিবহনের জন্য পরিকল্পিত এই পাইপলাইনটি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও জো বাইডেনের প্রশাসন আটকে দিয়েছিল। পরিবেশবাদী ও আদিবাসী গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরে পাইপলাইনটির বিরোধিতা করে আসছে। তবে ট্রাম্প বহুবার বলেছেন, তিনি প্রকল্পটি পুনরুজ্জীবিত করতে চান। পাইপলাইনটি প্রতিদিন প্রায় ৮ লাখ ৩০ হাজার ব্যারেল তেল পরিবহনের সক্ষমতা রাখে।
ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, বহু আগে স্লিপি জো বাইডেনের হাতে নিহত সেই মহান কিস্টোন এক্সএল পাইপলাইন হয়তো আবার কবর থেকে জেগে উঠতে পারে!
শুল্ক কার্যকরের সময়সীমা বাড়ানোর এই সিদ্ধান্ত কানাডার আলোচনাকারীদের পাশাপাশি সীমান্তের উভয় পাশের ব্যবসায়ীদের জন্যও স্বস্তির খবর। তারা সতর্ক করে আসছিলেন যে নতুন শুল্ক দুই দেশের জন্যই ক্ষতিকর হবে।
