স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাঠপর্যায়ের প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় নিয়ে আলোচনা হয়েছে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি’র কার্যালয়ে প্রায় এক ঘণ্টা এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে আইজিপি সাংবাদিকদের বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিইসি’র সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সমন্বয় সেল গঠন এবং বিভিন্ন জেলা ও উপজেলার পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। তিনি বলেন, পুরো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে। খুব শিগগিরই নির্বাচন কমিশনের কাছে ওই প্রতিবেদন দেয়া হবে।
আইজিপি জানান, স্থানীয় সরকার নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে বাহিনীর পক্ষ থেকে একটি সমন্বয় কমিটি গঠন করা হবে। মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করে এ কমিটি নির্বাচন কমিশনকে বিস্তারিত তথ্য জানাবে।
পুলিশ মহাপরিদর্শক বলেন, আমাদের কাছে পুরো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন দিতে বলেছে। আমরা খুব শিগগির সেটা দিয়ে দেবো। আগামী ২০শে অগাস্ট প্রেসিডেন্ট নির্বাচন রয়েছে। এরপর স্থানীয় সরকার নির্বাচনে হাত দেবে ইসি। ৩১শে অগাস্ট ভোটার তালিকা চূড়ান্ত হচ্ছে।
ইসি কর্মকর্তারা জানান, আচরণবিধির খসড়া ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অক্টোবরে ভোট শুরু করতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে আগামী মাসে তফসিল দেয়ার প্রস্তুতি চলছে।
বৈঠকে আসন্ন নির্বাচনের প্রস্তুতি, বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের সমন্বয়ের বিষয়গুলো গুরুত্ব পায়।
