শেষ দিনে রংপুরে জমজমাট প্রচারণা

ফন্ট সাইজ:

জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে রংপুর জুড়ে জমজমাট প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। দিনভর মাইকিং, প্রার্থীদের গণসংযোগ, র‌্যালি, পথসভায় ভোট উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। গতকাল সকালে নগরীর সিটি বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন) আসনে বিএনপি প্রার্থী সামসুজ্জামান সামু। জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে সকালে রংপুর জিলা স্কুল থেকে ধানের শীষের পক্ষে ভোট দেয়ার আহ্বান জানিয়ে পেশাজীবী র‌্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আব্দুল্লাহ আল মামুন, মহানগর বিএনপি’র সদস্য সচিব এডভোকেট মাহফুজ-উন-নবী ডন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মারুফুল ইসলাম, আইনজীবী এডভোকেট রেজেকা সুলতানা ফেন্সিসহ চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, কৃষিবিদ ও শিক্ষকরা। সকালে নগরীর রাধাবল্লভ এলাকায় গণসংযোগ করেছেন রংপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী, মহানগর বিএনপি’র সদস্য রিটা রহমান। কাউনিয়া উপজেলার সারাই মাছাড়ি বাজার, জয়বাংলা বাজার, খানসামাহাট এলাকায় পথসভা করেছেন রংপুর-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী, এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন। দুপুরে নগরীর সিটি বাজার থেকে রংপুর-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী আমিরুজ্জামান পিয়ালের নেতৃত্বে একটি প্রচারণা মিছিল শুরু হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় প্রার্থী আমিরুজ্জামান পিয়াল লিফলেট বিতরণসহ আগামী ১২ই ফেব্রুয়ারি হাতপাখা মার্কায় ভোট চান। সদর উপজেলার পাগলাপীর বাজারে গণসংযোগ করেছেন রংপুর-৩ আসনের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। সদরবাসীর উন্নয়নে তিনি লাঙ্গল মার্কায় ভোট চান। বিকালে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে রংপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী মাহাবুবুর রহমান বেলালের পক্ষে গণমিছিল বের করা হয়।