অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ম্যাকাই শহরের হার্রুপ পার্ক কমপ্লেক্সের মাঠ গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় আগামী ২২শে আগস্ট নামছেন নাজমুল হোসেন শান্ত ও স্টিভ স্মিথরা। এই ভেন্যুতে ৮০ বছর পূর্বে বিশ্বযুদ্ধের সময় অস্ট্রেলিয়া ও মার্কিন বিমান বাহিনীর বিমান অবতরণের রানওয়ে ছিল। শুধু কি তাই! কুইন্সল্যান্ডের এই অঞ্চলে সাপের উপদ্রব কম নয়। ম্যাচ চলাকালে বল সীমানার বাইরে বা গ্যালারির পেছনের ঝোপে গেলে ফিল্ডারদের সতর্কতা অবলম্বন করতে হয় অজি অঞ্চলের বিষধর সাপের ভয়ে। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় ম্যাচে এই মাঠের টেস্ট অভিষেক হতে যাচ্ছে। শুধু সফরকারী দলই নয়, স্বাগতিক দেশের ক্রিকেটারদের কাছে এই মাঠের উইকেট ও কন্ডিশন অচেনা।
ম্যাকাইয়ের পা রেখে ভেন্যু সম্পর্কে কোনো ধারণা না থাকার কথা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হাবিবুল বাশার সুমন। ম্যাকাই থেকে মুঠোফোনে মানবজমিনকে বাশার বলেন, ‘আসলেই এই স্টেডিয়াম নিয়ে আমাদের কোনো ধারণা নেই। এমনকি অস্ট্রেলিয়ানরাও জানে না। আমরা এসেছি, কাল (আজ) অনুশীলনে যাবো তার পর দেখতে পারবো বা বুঝতে চেষ্টা করবো উইকেট ও কন্ডিশন কেমন!’ অচেনা কন্ডিশনে প্রস্তুতি নিয়ে বাশার বলেন, ‘আমরা ২৩ বছর পর ডারউইনেও খুব একটা উইকেট দেখার বা বোঝার সময় পাইনি। এখানেও তাই, আমরা আমাদের মতো করে প্রাস্তুতি নিবো। ইনশাআল্লাহ প্রথম ম্যাচের মতো ধারাবাহিকতা ধরে রাখাই হবে মূল লক্ষ্য।’ ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে নয় উইকেটে হারের পর অস্ট্রেলিয়া দলে পরিবর্তন এনেছে।
দুই ইনিংসে পেসার হাসান মাহমুদের বলে আউট হওয়া ওপেনার জেক ওয়েদেরাল্ড দল থেকে বাদ পড়েছেন। ওয়েদেরাল্ডের স্থানে তিন বছর পর ডাক পেয়েছেন বাঁহাতি ব্যাটার ম্যাট রেনশ। ডারউইনে এক ও ৩১ রান করা মার্নাস লাবুশেন দ্বিতীয় ইনিংসে তাইজুল ইসলামের বলে আউট হলেও দলে স্থান ধরে রেখেছেন। ডারউইনে সাত উইকেট পাওয়া জশ হ্যাজেলউডের কারণে বোলিংয়ে পরিবর্তন আসার সুযোগ কম।
ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা স্টেডিয়ামের যাত্রা শুরুর পর ৫৮ বছর অতিবাহিত হয়েছে। অস্ট্রেলিয়ার ১২তম পুরুষ টেস্ট ভেন্যু হিসেবে আত্মপ্রকাশ করা এই মাঠের দর্শক ধারণক্ষমতা ১০ হাজার। প্রথম টেস্টে বাংলাদেশ জেতায় দ্বিতীয় টেস্ট ঘিরে উন্মাদনা তৈরি হয় এবং তাতে প্রথম দিনের সব টিকিট বিক্রি হয়ে যায়। অতীতে ওয়ানডে বিশ্বকাপে ভারত ও শ্রীলঙ্কার ম্যাচ মাত্র দুই বল খেলার পর বৃষ্টির কারণে বাতিল হয়। স্যার ডন ব্রাডম্যানের নেতৃত্বের দলও এখানে ম্যাচ খেলেছিল। পুরুষ ও নারী ক্রিকেট মিলিয়ে আটটি আন্তর্জাতিক ম্যাচ হয়েছে এই ভেন্যুতে।
যার মধ্যে চারটি পুরুষদের এবং চারটি নারীদের ম্যাচ। কুইন্সল্যান্ডের ঘরোয়া খেলা ও অস্ট্রেলিয়া এ দলের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার রেকর্ড রয়েছে এখানে। শনিবার সিরিজের দ্বিতীয় টেস্ট স্থানীয় সময় সকাল ১০টায় এবং বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে। যতটা জানা গেছে ম্যাকাইয়ের উইকেটে ব্যাটার ও বোলার উভয়ের সুযোগ থাকে। শুরুর দিকে পেসাররা সুবিধা পেয়ে থাকেন এবং খেলা গড়ালে স্পিনারদের জন্য টার্ন মিলতে পারে।
কুইন্সল্যান্ডের ট্রপিক্যাল আবহাওয়া বাংলাদেশের পরিবেশের কাছাকাছি হওয়ায় সফরকারীরা কন্ডিশনের সুবিধা নিতে পারে। প্রথম ম্যাচে নয় উইকেটের জয় পেয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। ম্যাকাইয়ের স্টেডিয়ামের গ্যালারিতে সব দর্শকদের উপস্থিতিতে ক্রিকেটীয় লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শান্তর দল অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের সুযোগের সামনে দাঁড়িয়েছে। ম্যাচে বাংলাদেশ জয় পেলে আরেকটি ইতিহাস রচিত হবে। বলার অপেক্ষা রাখেনা ঐতিহাসিক জয় নিয়ে দারুণ ফুরফুরে শান্তর দল। তবে ম্যাকাইয়ের অচেনা মাঠে আত্মবিশ্বাসী হলে বিপদ হতে পার বলেই জানিয়েছে দলের একটি সূত্র।
