নতুন মৌসুমের জন্য স্প্যানিশ কোচ নিয়োগ দিলো মোহামেডান

নতুন মৌসুমের জন্য স্প্যানিশ কোচ নিয়োগ দিলো মোহামেডান

ফন্ট সাইজ:

সর্বশেষ মৌসুমের শেষ দিকে লীগ শিরোপা জেতানো আলফাজ আহমেদকে ছেড়ে দেয় মোহামেডান। তার জায়গায় ভারপ্রাপ্ত হিসেবে মৌসুম শেষ করেন আবদুল কাইয়ুম সেন্টু। এবার স্থায়ীভাবে বিদেশি কোচ নিয়োগ দিলো মতিঝিলপাড়ার ঐতিহ্যবাহী ক্লাবটি। নতুন এই বিদেশি কোচ ভারতীয় ফুটবলে বেশ কিছুদিন কাজ করেছেন, জিতেছেন শিরোপাও। এবার সেই অভিজ্ঞতা নিয়েই বাংলাদেশের ফুটবলে পা রাখছেন ফার্নান্দো সান্তিয়াগো ভারেলা। নতুন মৌসুমের জন্য আর্জেন্টিনায় জন্ম নেয়া এই স্প্যানিশ কোচকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ক্লাবের বোর্ডরুমে গতকাল আনুষ্ঠানিক সংবাদ ব্রিফিংয়ে কোচ নিয়োগের বিষয়টি জানান ক্লাব পরিচালক এবং ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া। এ সময় পাশে ছিলেন মোহামেডানের ফুটবল দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু এবং অন্যান্য কর্মকর্তারা।

ইউয়েফা প্রো লাইসেন্সধারী ভারেলা ২০১৮ সালে গোকুলাম কেরালার দায়িত্ব নিয়েই এনে দেন সাফল্য। এরপর চার্চিল ব্রাদার্সে যোগ দেন ভারেলা। ২০২০-২১ মৌসুমে তার অধীনে আই-লীগে রানার্সআপ হয় ক্লাবটি। ১৫ ম্যাচে চার্চিল ব্রাদার্সের জয় ছিল ৮টি, ড্র ৫টি, হার ২টি। এফসি বেঙ্গালুরু ইউনাইটেডের দায়িত্বেও ছিলেন ভারেলা। ১৯ ম্যাচে তার দল জিতেছিল ১২টি, ড্র করেছিল ৩টি এবং হেরেছিল ৪ ম্যাচে। ২০২৩ সালে বেঙ্গালুরু ইউনাইটেডকে স্ট্যাফোর্ড চ্যালেঞ্জ কাপও জেতান তিনি। সর্বশেষ ভারতের এসসি দি গোয়ার দায়িত্বে ছিলেন ৫৩ বছর বয়সী ভারেলা। মোহামেডানের ডাগআউটে কতোটা আলো ছড়াতে পারেন তা সময়ই বলে দেবে।

এদিকে নতুন মৌসুমে বসুন্ধরা কিংস থেকেই একসঙ্গে আটজন খেলোয়াড়কে দলে টেনেছে মোহামেডান। বর্তমান দলে রয়েছেন জাতীয় দলের দুই গোলরক্ষক আনিসুর রহমান জিকো ও সুজন হোসেন। তাদের সঙ্গে আছেন ফয়সাল আহমেদ ফাহিম, সোহেল রানা জুনিয়র, সাদ উদ্দিন, শাহরিয়ার ইমন, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, জাহিদ হাসান শান্ত, মজিবুর রহমান জনি ও রিমন হোসেন। গত মৌসুমের চ্যাম্পিয়ন দলের বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়কেও ধরে রেখেছে ক্লাবটি।