ম্যাকাই টেস্টের আগে অস্ট্রেলিয়া শিবিরে যে পরিবর্তন

ম্যাকাই টেস্টের আগে অস্ট্রেলিয়া শিবিরে যে পরিবর্তন

ফন্ট সাইজ:

ডারউইন টেস্টে বাংলাদেশের বিপক্ষে স্মরণীয় এক হারের লজ্জার পর অনুমিতভাবেই স্কোয়াডে পরিবর্তনের পথে হাঁটলো অস্ট্রেলিয়া। ম্যাকাইয়ে আগামী শনিবার থেকে শুরু হতে চলা সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য দলে একটিমাত্র পরিবর্তন এনেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বাজে ফর্মের খড়গে দল থেকে বাদ গেছেন ওপেনার জেক ওয়েদেরাল্ড। তার স্থলাভিষিক্ত হয়ে প্রায় তিন বছর পর টেস্ট দলে ফিরেছেন বাঁহাতি ব্যাটার ম্যাট রেনশ।
বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টে ৯ উইকেটে হারের পর থেকেই প্রবল সমালোচনার মুখে পড়ে অজিরা। প্রথম টেস্টে দুই ইনিংসে হাসান মাহমুদের বোলিংয়ের সামনে পাত্তাই পাননি ওয়েদারাল্ড, রান করে মাত্র ২৩ ও ০। গত মৌসুমে অ্যাশেজসহ ছয় ম্যাচ খেলে ২০.৩৮ গড়ে মাত্র ২২৪ রান সংগ্রহ করা এই ওপেনার নিজের ব্যাটিং কৌশলেও পরিবর্তন আনেন। তবে কাউন্টি ক্রিকেটের সেই পরিবর্তন বাংলাদেশের উইকেটে কাজে লাগাতে পারেননি ৩১ বছর বয়সী এই ব্যাটার।

দল থেকে বাদ পড়ার আগে নিজের অবস্থান নিয়ে ওয়েদেরাল্ড আগেই বলেন, ‘আপনার সব সময় রান করতে হবে। আমি দুটি ম্যাচ খেলার এবং রান করার ভালো সুযোগ পেয়েছি। চার ইনিংসে সুযোগ কাজে লাগাতে না পারলে ভাগ্য অন্যের হাতে চলে যাবে।’ শেষ পর্যন্ত রানখরায় তার সেই শঙ্কাটাই সত্যি হলো।
অন্যদিকে, ওয়েদেরাল্ডের বদলি হিসেবে দলে আসা ৩০ বছর বয়সী রেনশ সবশেষ টেস্ট খেলেন ২০২৩ সালে। সাম্প্রতিক শেফিল্ড শিল্ডে তিন সেঞ্চুরিসহ ৪৯.৯০ গড়ে রান করার সুবাদে দারুণ ফর্মে আছেন তিনি। ব্রিসবেনে প্রস্তুতি ক্যাম্পের পর স্ট্যান্ডবাই হিসেবে থাকা রেনশকে নিয়ে কোচিং স্টাফ আশাবাদী। ১৪ টেস্টে ২৯.৩১ গড়ে ৬৪৫ রান করা রেনশ ২০১৭ সালে পাকিস্তানের বিপক্ষে ১৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফে তার দুটি প্রথম শ্রেণির সেঞ্চুরির অভিজ্ঞতাও বাড়তি স্বস্তি জোগাচ্ছে অজি শিবিরে।

ডেভিড ওয়ার্নারের অবসরের পর থেকে ওপেনিং পজিশন নিয়ে ধুঁকছে অস্ট্রেলিয়া। উসমান খাজাকে বাদ দিলে রেনশ হতে চলেছেন এই সময়ে অজিদের সপ্তম ওপেনার। এর আগে স্টিভেন স্মিথ, নাথান ম্যাকসুইনি, স্যাম কনস্টাস, মার্নাস লাবুশেন ও ওয়েদেরাল্ডের মতো পরীক্ষামূলক ওপেনারদের মাঠে নামায় তারা।
দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া স্কোয়াড: ট্রাভিস হেড, ম্যাট রেনশ, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বো ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজেলউড, জস ইংলিশ ও স্কট বোল্যান্ড।