ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে নেয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে নেয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

ফন্ট সাইজ:

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (১৮ আগস্ট) দেশটির আদালতের এই নির্দেশের কথা জানিয়েছে পিটিআই। খবর রয়টার্সের।

পিটিআইয়ের মুখপাত্র জুলফিকার বুখারি পাকিস্তানের সুপ্রিম কোর্টের আদেশকে স্বাগত জানিয়ে বলেন, এটি অত্যন্ত স্বাগত জানানোর মতো একটি আদেশ। তবে আমরা চাইতাম, এটি আরও আগেই করা হতো, যাতে তার চোখ ও সামগ্রিক স্বাস্থ্যের এতটা অবনতি না হতো।
তিনি আরও বলেন, সব চিকিৎসক সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তার হাসপাতালে থাকা উচিত।

এ ছাড়া ইমরানের মুখপাত্র নাঈম হায়দার পাঞ্জুথা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, আদালত ৪৮ ঘণ্টার মধ্যে ইমরান খানকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত তাকে হাসপাতালে রাখার নির্দেশও দেয়া হয়েছে।
দীর্ঘদিন ধরে ইমরানের পরিবার ও দল তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। ৭৩ বছর বয়সী সাবেক ক্রিকেট তারকা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন।
২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে একের পর এক মামলা হয়েছে। এসব মামলাকে তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন।

গত বছর ইমরান খানের ছেলেরা বারবার তার শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তার আইনজীবীরাও জানান, কারাগারে থাকার সময় ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর ইমরানের বিরুদ্ধে রাষ্ট্রীয় উপহার বা ‘তোশাখানা’ সংক্রান্ত মামলা এবং বেআইনি বিয়েসহ একাধিক মামলা করা হয়। এসব মামলায় তার কিছু সাজা স্থগিত কিংবা বাতিল হয়েছে। তবে বেশ কয়েকটি মামলার আপিল এখনো বিচারাধীন।

গত ফেব্রুয়ারিতে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেট কিংবদন্তিরা ইমরান খানের প্রতি ‘উন্নত আচরণের’ দাবি জানিয়েছিলেন। তারা কারাগারে তার অবস্থার বিষয়ে “গভীর উদ্বেগ” প্রকাশ করেন।
২০১৮ সালের নির্বাচনে ইমরানের নেতৃত্বাধীন পিটিআই ক্ষমতায় এসেছিল। দলটি এখনো পাকিস্তানের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রদেশে ব্যাপক জনসমর্থন ধরে রেখেছে।
তবে ২০২৪ সালের সাধারণ নির্বাচনের আগে পিটিআইকে নির্বাচনী প্রতীক ‘ব্যাট’ থেকে বঞ্চিত করা হয়। ফলে দলটির প্রার্থীদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে হয়েছিল।