ইউক্রেন সংকট উদ্দেশ্যপ্রণোদিতভাবে বৃদ্ধি করার জন্য বৃটেনকে দায়ী করেছে রাশিয়া। এজন্য লন্ডনকে মূল্য চোকাতে হবে বলে সতর্ক বার্তা দিয়েছে মস্কো।
এর আগে রাশিয়া অভিযোগ করেছে যে, বৃটেনের তৈরি ড্রোন দিয়ে মস্কোর সামরিক ও শিল্প এলাকায় হামলা চালিয়েছে ইউক্রেন বাহিনী।
এনিয়ে এক বিবৃতিতে বৃটেনে অবস্থিত রুশ দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, লন্ডনের নেয়া পদক্ষেপের পরিণতি অনিবার্য এবং এজন্য দেশটিকে জবাব দিতে হবে।
এ ছাড়া বিবৃতিতে আরও বলা হয়েছে, ইউক্রেন সংকটে যত গভীরভাবে বৃটেন যুক্ত হবে এর জবাবও তাদের বেশি দিতে হবে।
সাম্প্রতিক সময়গুলোতে ইউক্রেন মস্কো এবং রাশিয়ার গভীরে হামলার পরিমাণ বৃদ্ধি করেছে। বিশেষ করে ইউক্রেন বাহিনী রাশিয়ার তেল শোধনাগার ও প্রধান অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে।
এদিকে এর আগে বৃটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, তারা কাঁধে কাঁধ রেখে ইউক্রেনে পাশে আছে।
এ ছাড়া বৃটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অবৈধ আগ্রাসন থেকে ইউক্রেনকে রক্ষা করতে তারা দেশটিকে প্রয়োজনীয় সরঞ্জাম পাঠাতে অঙ্গীকারবদ্ধ।
এর জবাবে বৃটেনে রাশিয়ার দূতাবাস বলেছে, এজন্য লন্ডনকে অবশ্যই মূল্য দিতে হবে।
