চাকরিপ্রার্থী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি সংযোগ তৈরি এবং দেশের পরিবর্তনশীল শ্রমবাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্য নিয়ে ‘নেক্সটজবজ ক্যারিয়ার সামিট ও জব ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে এ ফেস্ট অনুষ্ঠিত হয়।
নেক্সটজবজের আয়োজনে দিনব্যাপী এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতের ১০০টির বেশি নিয়োগকারী প্রতিষ্ঠান, শিল্প বিশেষজ্ঞ এবং হাজারো চাকরিপ্রার্থী অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচিব ও নির্বাহী চেয়ারম্যান, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, প্রধানমন্ত্রীর কার্যালয় ড. নাজনীন কাউসার চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য দেন নেক্সটজবজ লিমিটেডের চিফ বিজনেস অফিসার শোয়েব হাসান। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের চিফ পিপল অফিসার মো. আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান এবং আকিজ এগ্রিলাইফ এর চিফ বিজনেস অফিসার আকতারুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ড. নাজনীন কাউসার চৌধুরী বলেন, ‘বর্তমান শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ জনশক্তি তৈরি করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু শিক্ষাগত যোগ্যতা অর্জন করলেই হবে না; চাকরিপ্রার্থীদের কর্মক্ষেত্রের প্রয়োজন অনুযায়ী প্রযুক্তিগত ও পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি যোগাযোগ, নেতৃত্ব ও সমস্যা সমাধানের মতো দক্ষতাও উন্নত করতে হবে।’
নেক্সটজবজ লিমিটেডের চিফ বিজনেস অফিসার শোয়েব হাসান বলেন, “নেক্সটজবজ ৩৬০ ডিগ্রি মানবসম্পদ উন্নয়ন সেবা নিয়ে কাজ করছে। এর অন্যতম লক্ষ্য হলো চাকরিপ্রার্থী এবং নিয়োগকারী প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর ও সরাসরি সংযোগ তৈরি করা।’
