সাবেক সিটি মেয়র লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জুলাইয়ে রাজশাহীতে মানবতাবিরোধী অপরাধ

সাবেক সিটি মেয়র লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফন্ট সাইজ:

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজশাহীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ আমলে নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এর আগে গত ৩০ জুলাই এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। এতে লিটনসহ মোট ৩৮ জনকে আসামি করা হয়েছিল।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী মহানগর পুলিশের সাবেক কমিশনার বিপ্লব বিজয় তালুকদার এবং বোয়ালিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীরসহ অন্যরা।

আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজশাহীতে আন্দোলনকারীদের ওপর হামলা, হত্যা ও গুরুতর আহত করার ঘটনায় আসামিদের সংশ্লিষ্টতা রয়েছে। এ সময় আন্দোলনকারী রায়হান আলী ও আনজুম সাকিবকে হত্যা এবং অনেককে গুরুতর আহত করার অভিযোগও আনা হয়েছে।

মামলায় আসামিদের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়েছে। অভিযোগ আমলে নিয়ে শুনানি শেষে ট্রাইব্যুনাল ৩৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।