ইঞ্জিন বিকল, ১০০ অভিবাসীবোঝাই বোট টেনে নিরাপদে নিল জেটস্কি

ইঞ্জিন বিকল, ১০০ অভিবাসীবোঝাই বোট টেনে নিরাপদে নিল জেটস্কি

ফন্ট সাইজ:

ফ্রান্সের উপকূলের কাছে ইঞ্জিন বিকল হয়ে পড়া প্রায় ১০০ অভিবাসীবোঝাই একটি ছোট বোটকে শেষ পর্যন্ত জেটস্কি দিয়ে টেনে নিরাপদে নেয়া হয়েছে। বোটটি সমুদ্রে বাসস্টপের মতো অপেক্ষা করা অভিবাসীদের একে একে তুলে নিচ্ছিল। এ সময় ইঞ্জিন খুলে পড়ে যায়। অভিবাসীরা বোটে ওঠার সময় পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছিল। বোটটি বিকল হয়ে যাওয়ার পরই তারা জেটস্কি ডেকে এনে তা টেনে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে ক্যালে থেকে প্রায় ৪০ মাইল দক্ষিণ-পশ্চিমে ফ্রান্সের ল্য তুকে এলাকায়।

ধারণা করা হচ্ছে, ইঞ্জিন বিকল না হলে কর্তৃপক্ষ বোটটিকে ইংলিশ চ্যানেল পেরিয়ে বৃটিশ জলসীমায় পৌঁছানো পর্যন্ত পাহারা দিয়ে নিয়ে যেত। এ ঘটনায় ফরাসি পুলিশের ওপর ছোট বোটে করে অভিবাসীদের ইংলিশ চ্যানেল পাড়ি দেয়া ঠেকাতে আরও কার্যকর পদক্ষেপ নেয়ার চাপ বাড়ল। বিশেষ করে যখন কোনো বোট সফলভাবে বৃটেনে পৌঁছানোর মতো অবস্থায় থাকে, তখন কঠোর ব্যবস্থা নেয়ার দাবি উঠছে। ঘটনার সময় বোটটি বিপজ্জনকভাবে অতিরিক্ত যাত্রীবোঝাই ছিল। এরপরও আরও কয়েকজন অভিবাসী বুক সমান পানির মধ্য দিয়ে হেঁটে বোটটিতে ওঠার চেষ্টা করেন। তবে এর মধ্যে কোন কোন দেশের অভিবাসী আছেন তা পরিষ্কার জানা যায়নি।