মোবাইল অপারেটর এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করেছে বলে ঘোষণা দিয়েছে রবি আজিয়াটা পিএলসি। তবে নাম পাল্টালেও গ্রাহকদের বর্তমান মোবাইল নম্বর, সার্ভিস, প্যাকেজ, ব্যালেন্স কিংবা মোবাইল ব্যাংকিং সেবায় কোনো পরিবর্তন আসবে না। গতকাল সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে নতুন ব্র্যান্ডটির উন্মোচন করা হয়। রবি জানিয়েছে, এয়ারটেল ব্যবহারকারীরা এখন থেকে স্বয়ংক্রিয়ভাবেই সার্কেলের গ্রাহক হয়ে যাবেন। তাদের ব্যবহৃত ‘০১৬’ সিরিজের নম্বর, চালু থাকা অফার, সার্ভিস ও মূল ব্যালেন্স আগের মতোই থাকবে। এছাড়া গ্রাহকদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট, ওয়ালেট, আর্থিক লেনদেন এবং ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ নিরাপদ ও আগের মতোই সচল থাকবে।
কোম্পানিটি আরও জানায়, বাংলাদেশে তরুণদের কাছে এয়ারটেলের দীর্ঘ ১৬ বছরের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সার্কেল সাশ্রয়ী ও ডিজিটাল সেবা নিশ্চিত করবে। ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নতুন নতুন সেবা যুক্ত করা হবে। রবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জিয়াদ সাতারা বলেন, তরুণ ও আধুনিক প্রজন্ম যেভাবে নিজেদের যুক্ত রাখতে চায়, সেই চিন্তা থেকেই এয়ারটেলের নতুন রূপ হিসেবে নিয়ে আসা হয়েছে ‘সার্কেল’। এটি এয়ারটেলেরই এক নতুন পথচলা। এই পরিবর্তন চলাকালে গ্রাহকরা কোনো ঝামেলা ছাড়াই নিরবচ্ছিন্ন সেবা পাবেন।
