দীর্ঘ লোন পিরিয়ড কাটিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরা মার্কাস রাশফোর্ডকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সতীর্থ হ্যারি ম্যাগুয়ারে। চোট ও কোচ রুবেন আমোরিমের সঙ্গে সম্পর্কের অবনতির কারণে শেষ দেড় বছর অ্যাস্টন ভিলা ও বার্সেলোনায় ধারে কাটান এ ইংলিশ ফরোয়ার্ড। তবে রাশফোর্ডকে এখনো দলের অন্যতম বড় সম্পদ বলেই মনে করেন ম্যাগুয়ার। গত রোববার এসি মিলানের কাছে ৪-২ গোলে হেরে যাওয়া প্রীতি ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২৮ বছর বয়সী রাশফোর্ড। বিশ্বকাপের পর কিছুটা দেরিতে দলের সঙ্গে যোগ দিলেও মাঠে নেমেই নিজের জাত চেনান তিনি।
ট্রান্সফার উইন্ডো খোলা থাকায় তার ভবিষ্যৎ নিয়ে কিছুটা জল্পনা-কল্পনা চললেও, কোচ মাইকেল ক্যারিক তাকে ‘নিজেদের খেলোয়াড়’ বলেই উল্লেখ করেছেন। রাশফোর্ডের দলবদল ও ক্লাবে থাকা প্রসঙ্গে ম্যাগুয়ার বলেন, ‘অবশ্যই ট্রান্সফার উইন্ডো এখনো খোলা আছে। খেলোয়াড় হিসেবে আমরা আশা করি সে থেকে যাবে, কারণ যদি সে থাকে তবে সে আমাদের জন্য একটি বড় সম্পদ। সে নিশ্চিতভাবেই আমাদের উন্নতি ঘটাতে পারবে।’ দলের আক্রমণভাগে রাশফোর্ডের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি আরও বলেন, ‘সে যখন মাঠে নামে, আপনি দেখেছেন সে ডিফেন্সের পেছনে দারুণভাবে হুমকি তৈরি করে। সে গোলও করতে পারতো। সে একজন বিশাল হুমকি। আমি বহু বছর ধরে মার্কাসের সঙ্গে খেলেছি এবং আমি জানি তার বিপক্ষে খেলা এবং অনুশীলনে তার সঙ্গে খেলা আমাদের সাহায্য করবে।’
গত মৌসুমটা প্রিমিয়ার লীগে তৃতীয় হয়ে শেষ করে ম্যানচেস্টার ইউনাইটেড।
আগামী ২২শে আগস্ট তুলনামূলক সহজ প্রতিপক্ষ হাল সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন লীগ মৌসুমের মিশন শুরু করতে যাচ্ছে রেড ডেভিলরা।
