ময়মনসিংহ-৪ (সদর) আসনে বিএনপি’র প্রার্থীর প্রচার-প্রচারণার শেষ মিছিলে গণজোয়ার সৃষ্টি হয়েছে। মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ব্যক্ত করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি বলেন, এবারের নির্বাচন শুধু সদরবাসীর জন্য নয়, পুরো জাতির জন্য গুরুত্বপূর্ণ। তাই বিভেদ ভুলে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে দেশ গড়তে সহযোগিতা করুন। সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত প্রচার মিছিল পূর্ব সমাবেশে তিনি এ আহ্বান জানান।
ওয়াহাব আকন্দ বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারি সারা দেশের ন্যায় ময়মনসিংহের স্থানীয় প্রশাসন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে তারা তাদের ইমানি দায়িত্ব পালন করবে বলে আমি আশা করছি। পাশাপাশি সদরবাসীর প্রতি আমার প্রত্যাশা, ধর্ম-বর্ণ নির্বিশেষে আপনারা ধানের শীষে ভোট দিয়ে অবহেলিত সদর আসনের উন্নয়নে কাজ করার সুযোগ দিন। এর আগে ধানের শীষের পক্ষে একটি প্রচার মিছিল নগরীর সার্কিট হাউজ মাঠ থেকে শুরু হয়ে টাউন হল, জিলা স্কুল মোড়, নতুন বাজার ও চরপাড়া এলাকা প্রদক্ষিণ করে পলিটেকনিক মাঠে গিয়ে শেষ হয়। এই মিছিলের নেতৃত্ব দেন ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। মিছিলে আরও উপস্থিত ছিলেন- নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, মহানগর বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক এনামুল হক আকন্দ লিটনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
‘ধর্ম-বর্ণ নির্বিশেষে ধানের শীষে ভোট দিয়ে দেশ গড়তে সহযোগিতা করুন’
ময়মনসিংহ প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
