দেশ গড়তে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: সড়ক ও সেতুমন্ত্রী

ফন্ট সাইজ:

জনগণের আকাক্সক্ষা বাস্তবায়ন এবং সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনতে সাংবাদিকদের দায়িত্বশীল, পেশাদার ও অনুসন্ধানী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, আপনারা আমার মতো সাধারণ চোখ দিয়ে দেখবেন না, অনুসন্ধানী চোখ দিয়ে দেখবেন। আমাদের ত্রুটি-বিচ্যুতি খুঁজে বের করবেন। গতকাল দুপুরে বাগেরহাট প্রেস ক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়ক ও সেতু, রেল এবং নৌপরিবহন মন্ত্রণালয় মন্ত্রী শেখ রবিউল আলম এসব কথা বলেন। তিনি বলেন, ব্যবসায়ীদের উন্নয়ন হয় অর্থে, আর সাংবাদিকদের উন্নয়ন হয় অনুসন্ধানে, দায়িত্ব ও দেশপ্রেমে। সাংবাদিকদের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। তাই তাদের অনটনমুক্ত ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা প্রয়োজন। অর্থ-বিত্তের পেছনে ছুটলে সাংবাদিকতার মূল উদ্দেশ্য ব্যাহত হতে পারে। সরকার দেশ পরিবর্তনের চেষ্টা করবে, একইভাবে সাংবাদিকরাও তাদের কলমের মাধ্যমে দেশ পরিবর্তনে ভূমিকা রাখবেন।

দক্ষিণাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এ অঞ্চলের উন্নয়নের জন্য যা যা প্রয়োজন, সরকার তা করার উদ্যোগ নেবে। একইসঙ্গে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেয়া প্রয়োজন। বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু সাঈদ শুনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেনÑ বাগেরহাট-২ আসনের এমপি শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাট জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার শেখ মু. জাকির হোসেন, জেলা বিএনপি’র আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, বাগেরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটন প্রমুখ।

এর আগে মন্ত্রী সকালে বাগেরহাটের দশানী এলাকায় দশানী-রামপাল-মোংলা মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও পিসি কলেজে গাছের চারা রোপণ করেন। অনুষ্ঠানে বাগেরহাট প্রেস ক্লাবের পক্ষ থেকে সড়ক ও সেতু, রেল এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমকে সংবর্ধনা দেয়া হয়।