তরুণদের জন্য রবির নতুন অধ্যায়ের যাত্রা শুরু

তরুণদের জন্য রবির নতুন অধ্যায়ের যাত্রা শুরু

ফন্ট সাইজ:

তরুণদের জন্য মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করবে বলে ঘোষণা করেছে রবি আজিয়াটা পিএলসি। সোমবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে নতুন ব্র্যান্ড ‘সার্কেল’ উন্মোচন করে রবি। এর মধ্য দিয়ে ১৬ বছরের আস্থা, সম্পৃক্ততা ও অর্থবহ গ্রাহকসংযোগের যাত্রা নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। এয়ারটেলের সকল গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে সার্কেলের গ্রাহকে পরিণত হবেন। তাদের বিদ্যমান ০১৬ নম্বর, সেবা, প্যাকেজ ও ব্যালান্স আগের মতোই বহাল ও সচল থাকবে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) অ্যাকাউন্ট, ওয়ালেট, লেনদেন ও গ্রাহকের তথ্যেও কোনো পরিবর্তন হবে না।

অনুষ্ঠানে রবি আজিয়াটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, ১৬ বছর ধরে এয়ারটেল বাংলাদেশের তরুণদের সঙ্গে বেড়ে উঠেছে। সার্কেল সেই যাত্রারই পরবর্তী ধাপ। ব্র্যান্ডের নাম বদলালেও আমাদের মূল প্রতিশ্রুতি অপরিবর্তিত থাকবে। সংযোগের ক্ষেত্রে যখন আমরা নতুন একটি পর্যায়ে প্রবেশ করছি, তখন শুধু আরও বেশি মানুষকে যুক্ত করাই আর মূল বিষয় নয়; বরং সেই সংযোগগুলোকে আরও অর্থবহ করে তোলাই এখন গুরুত্বপূর্ণ। ‘সার্কেল’এয়ারটেলের সেই যাত্রার পরবর্তী বিবর্তন। এই নতুন ও গুরুত্বপূর্ণ অধ্যায়ে এয়ারটেলের স্বতন্ত্র অবস্থানকে এগিয়ে নিতে পেরে আমরা গর্বিত।

তিনি বলেন, সার্কেল-এর ব্র্যান্ড প্রতিশ্রুতি হচ্ছে- ‘আসল সংযোগ, সবসময় সচল।’ এই প্রতিশ্রুতি তরুণদের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে পাশে থাকার অঙ্গীকারের প্রতিফলন। বিনোদন ও গেমিং থেকে শুরু করে কনটেন্ট তৈরি এবং প্রতিদিন তরুণেরা যেসব ডিজিটাল পরিসরে যুক্ত থাকেন, সেসব ক্ষেত্রে নির্ভরযোগ্য সংযোগ ও সমৃদ্ধ ডিজিটাল অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য রয়েছে ব্র্যান্ডটির। ব্র্যান্ড পরিবর্তনের পুরো প্রক্রিয়াজুড়ে গ্রাহকেরা নিরবচ্ছিন্ন সেবা পাবেন। এমএফএস ওয়ালেট, অ্যাকাউন্ট, লেনদেন ও গ্রাহক তথ্য সম্পূর্ণ নিরাপদ ও সচল থাকবে।

তিনি আরও বলেন, বাস্তব ও অর্থবহ সংযোগ যাত্রার অনুপ্রেরণা জোগায়- এই বিশ্বাসকে ভিত্তি করে ‘সার্কেল’ বাংলাদেশের ডিজিটাল নির্ভর প্রজন্মের পরিবর্তিত চাহিদা পূরণে নতুন নতুন উদ্ভাবনে বিনিয়োগ অব্যাহত রাখবে। এর মাধ্যমে তরুণদের তাদের নিজস্ব পরিসরের মানুষ ও কমিউনিটির সঙ্গে যুক্ত থাকতে, সেই পরিসরের অংশ হয়ে উঠতে এবং নিজেদের সম্ভাবনা নিয়ে এগিয়ে যেতে সহায়তা করবে ব্র্যান্ডটি।