যেকোনো মার্কিন সেনাসদস্যকে হত্যা বা আটক করতে পারলে ৩০ হাজার মার্কিন ডলার পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। কোনো নারী মার্কিন সেনাকে হত্যা বা আটক করতে পারলে পুরস্কারের অর্থ দ্বিগুণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএর বরাতে এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
ইরানের সেনাপ্রধান হাতামি বলেন, এ ধরনের আর্থিক পুরস্কার কর্মসূচিতে অংশ নেয়ার জন্য সাধারণ মানুষের কাছ থেকে বিপুলসংখ্যক অনুরোধ পাওয়ার পরই এমন পরিকল্পনা নেয়া হয়েছে।
তবে চলমান সংঘাতে ইরানের ভূখণ্ডে মার্কিন স্থলবাহিনীর কোনো মোতায়েন বা সরাসরি উপস্থিতির তথ্য পাওয়া যায়নি। এর আগে গত এপ্রিল মাসে ইরানে একটি মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর এর পাইলটকে উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করেছিল যুক্তরাষ্ট্র।
ইরানের সেনাপ্রধান মার্কিন সেনাদের লক্ষ্য করে কথিত এসব অভিযান কোথায় বা কখন চালানো হতে পারে, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দেননি। ফলে পুরস্কার ঘোষণাটি বাস্তবে কীভাবে কার্যকর করা হবে, তা নিয়েও তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
