বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘আমি শুনেছি, সেটা (জাতিসংঘের প্রতিবেদন) পড়িনি। ওখানে হয়তো কিছু পর্যবেক্ষণ দিতে পারে। আমি না দেখে বলতে পারবো না।’
জাতিসংঘের রিপোর্ট প্রসঙ্গে সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সরকার প্রতিবেদনটি আমলে নিচ্ছে কি না জানতে চাইলে সালাহউদ্দিন বলেন, ‘আমরা আমলে নিচ্ছি না। রিপোর্টও এখনো পড়িনি। তাছাড়া, পত্রিকা থেকে যতটুকু শুনেছি, ওখানে বলা হয়েছে- তারা অনুমান করেছে যে, এ রকম হতে পারে। অনুমাননির্ভর কোনো রিপোর্টের ওপর আমরা নির্ভর করতে পারি না।
এর আগে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়ার পর বিভিন্ন খাতে সরকারের অর্জন তুলে ধরেন তিনি।
গত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা নিয়ে সন্তুষ্টির বিষয়টা জনগণ বলবে। আমরা তো সবসময় বলব- আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পেরেছি। তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নীতকরণের জন্য আরো সময় লাগবে। আমাদের এখন মাত্র ছয় মাস পার হলো। এর মধ্যে আমরা অনেক সংস্কার কাজ করেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসনীয় বিভিন্ন উদ্যোগ আপনারা দেখতে পেয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৮০ দিনের মধ্যে সরকারের বাস্তবায়িত এবং যেগুলো শুরু করেছে, ইনিশিয়েটেড অনেক কর্মসূচি প্রশংসিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা একটি সংকটময় মুহূর্ত খুব সফলতার সাথে মোকাবেলা করেছি।
