হাঙ্গেরির পূর্বাঞ্চলে তীর্থযাত্রীবাহী একটি পোলিশ বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যাওয়ায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। ৫৭ জন তীর্থযাত্রী ও দুজন চালক নিয়ে বাসটি বসনিয়ার একটি ধর্মীয় স্থান থেকে পোল্যান্ডে ফিরছিল। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রোববার স্থানীয় সময় রাত আনুমানিক ১টার দিকে মেজোকেরেস্তেস শহরের কাছে মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
হাঙ্গেরির পুলিশ ও উদ্ধারকারী দল জানায়, সোজা সড়ক থেকে ছিটকে গিয়ে বাসটি পাশের খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। প্রাথমিক তদন্তে চালক ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে বাসচালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহতদের পার্শ্ববর্তী চারটি শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক প্রত্যক্ষদর্শী ও বেঁচে যাওয়া যাত্রী জানান, মুহূর্তের মধ্যে বাসের আসনগুলো উপড়ে যায় এবং যাত্রীরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আর্তনাদ করতে থাকেন। পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারল নাওরোকি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এর আগে ২০০২ সালেও হাঙ্গেরিতে পোলিশ তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস উল্টে ২০ জন নিহত হয়েছিলেন।
