প্রতিবার সৌদি যাওয়ার আগে যে পদক্ষেপ নিতেই হবে

নতুন ওমরাহ ভিসা নিয়ম

প্রতিবার সৌদি যাওয়ার আগে যে পদক্ষেপ নিতেই হবে

ফন্ট সাইজ:

সৌদি আরবে জুলাইয়ে চালু হওয়া মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসার মেয়াদ হবে ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন। এই সময়ের মধ্যে যোগ্য ওমরাহযাত্রীরা একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তবে ইচ্ছে হলেই যখন তখন প্রবেশ করা যাবে না। একটি গুরুত্বপূর্ণ শর্ত আছে এক্ষেত্রে। তাহলো প্রতিবার ওমরাহ করতে যাওয়ার জন্য নতুন করে সার্ভিস প্যাকেজ এবং ওমরাহ পারমিট নিতে হবে। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে যাত্রীদের নুসুক প্ল্যাটফর্মে অনুমোদিত ওমরাহ সেবা প্রদানকারীর মাধ্যমে একটি অনুমোদিত সার্ভিস প্যাকেজ বুক করতে হবে।

সার্ভিস প্যাকেজটি পরিকল্পিত সফরের তারিখের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে এবং ভিসার অবশিষ্ট মেয়াদ অতিক্রম করতে পারবে না। এর পাশাপাশি আলাদা ওমরাহ পারমিট নেয়াও বাধ্যতামূলক। সৌদি আরবে যাওয়ার আগে নুসুক অ্যাপের মাধ্যমে এই পারমিট নিতে হবে। পারমিটের তারিখ অবশ্যই অনুমোদিত সার্ভিস প্যাকেজে উল্লেখিত সফরের তারিখের সঙ্গে মিলতে হবে। অর্থাৎ, ভিসার মেয়াদ এখনো শেষ না হলেও শুধু বৈধ ভিসা থাকলেই দ্বিতীয়বার বা পরবর্তী ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যাওয়া যাবে না।

প্রথমবার আবেদনকারীদের ক্ষেত্রে প্রক্রিয়াটি শুরু হবে নুসুকের মাধ্যমে একটি অনুমোদিত সার্ভিস প্যাকেজ কেনার মাধ্যমে। এরপর ওমরাহ ভিসার আবেদন করা যাবে। প্রয়োজনীয় যাচাই ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর ভিসা প্রক্রিয়া এগিয়ে যাবে। ভ্রমণকারীদের সৌদি আরবে প্রবেশ ও ভ্রমণের জন্য দেশটির অন্যান্য যোগ্যতা ও শর্তও পূরণ করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, একাধিকবার সৌদি আরব ভ্রমণ করলেও দেশটিতে মোট অবস্থানের সময় ৯০ দিনের বেশি হতে পারবে না। এক বছরের ভিসার মেয়াদ বলতে বোঝায়, ওই এক বছরের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশের সুযোগ। এটি সৌদি আরবে একজন ওমরাহযাত্রী কতদিন থাকতে পারবেন তার মেয়াদ নয়। মন্ত্রণালয়ের এই ব্যাখ্যার উদ্দেশ্য হলো ওমরাহযাত্রীদের জন্য পুরো প্রক্রিয়াটি আরও পরিষ্কার করা এবং প্রতিটি সফরের জন্য আবাসন, পরিবহনসহ প্রয়োজনীয় সেবা আগে থেকেই নিশ্চিত করা। এর অর্থ হলো, যারা এক বছরে একাধিকবার ওমরাহ পালনের পরিকল্পনা করছেন, তাদের প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে নতুন করে সার্ভিস প্যাকেজ বুক এবং ওমরাহ পারমিট নেয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।