নিলামে রেকর্ড ৪ কোটি ডলার বা ৪৯০ কোটি টাকায় বিক্রি হয়েছে ফেরারির ইতিহাসে তৈরি প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি (ইভি)। বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির এই গাড়িটি একটি দাতব্য নিলামে তার নিয়মিত মূল্যের চেয়ে ৩৫ গুণেরও বেশি দামে বিক্রি হয়েছে। এটি নতুন কোনো গাড়ির নিলামের ক্ষেত্রে সর্বকালের সর্বোচ্চ দামের নতুন রেকর্ড। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আরএম সোথবিস এই নিলামের আয়োজন করে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি । ‘ফেরারি লুচে’ নামের এই বিশেষ মডেলটির প্রথম উৎপাদনকৃত সংস্করণে রয়েছে আকর্ষণীয় সাদা ফিনিশ, কাস্টমাইজড ব্রেক ও বিশেষ চাকা। আইফোনের সাবেক নকশাকার স্যার জনি আইভের নকশা করা পাঁচ আসনের ব্যাটারিচালিত এই গাড়িটি গত মে মাসে উন্মোচনের পর কিছুটা সমালোচনার মুখেও পড়েছিল। সমালোচকদের দাবি ছিল, ব্যাটারিচালিত রূপ ও পাঁচ আসনের ডিজাইন ব্র্যান্ডটির ঐতিহ্যবাহী পরিচয়ের সাথে মানানসই নয়।
এমনকি ইতালির উপ-প্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি এবং ফেরারির সাবেক চেয়ারম্যান লুকা কর্ডেরো দি মন্টেজেমোলোও এর তীব্র সমালোচনা করেছিলেন। তবে সব সমালোচনা পেছনে ফেলে নিলামে বিপুল সাড়া ফেলেছে গাড়িটি। তবে গাড়িটির ক্রেতার নাম প্রকাশ করা হয়নি। এর আগে ২০২৫ সালে ফেরারির আরেকটি বিশেষ গাড়ি দুই কোটি ৬০ লাখ ডলারে বিক্রি হয়ে নতুন গাড়ির নিলামের রেকর্ড গড়েছিল, যা এবার ভেঙে দিল বৈদ্যুতিক মডেল ‘লুচে’।
( এক ডলার=১২২.৫ টাকা ধরে)
