রাশিয়ায় একদিনের মধ্যে সর্ববৃহৎ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়া জানিয়েছে, তারা একদিনের ভেতর প্রায় ৮০০ ড্রোন ভূপাতিত করেছে। এ ড্রোনগুলোর অধিকাংশই মস্কোর অভিজাত এলাকায় আঘাত হানতে যাচ্ছিল। এ হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন।
রাশিয়ার ‘ওয়াইল্ডবেরিজ’ গুদামঘরে (ওয়্যারহাউজ) ড্রোন হামলা চালায় ইউক্রেন। এতে গুদামটিতে ভয়াবহ আগুন জ্বলতে দেখা যায়। চলতি মাসেই একাধিকবার এখানে হামলা চালানো হলো। ওয়াইল্ডবেরিজ ‘রাশিয়ার অ্যামাজন’ নামে পরিচিত। রাশিয়ান সেনাবাহিনীকে সহায়তা করার অভিযোগ এনে এ হামলা চালায় তারা। ওয়াইল্ডবেরিজের ১০টির মধ্যে ৭টি ওয়্যারহাউজে হামলা চালানো হয়েছে। সর্বশেষ হামলা চালানো ওয়্যারহাউজটির আয়তন প্রায় ২৫০,০০০ স্কয়ার মিটার। ওয়াইল্ডবেরিজ ঘোষণা দিয়েছে তারা রাশিয়ার প্রতিবেশী দেশ কাজাখস্তানে নতুন ওয়্যারহাউজ নির্মাণ করবে।
